মরশুমের শেষে রবিবারের দুপুর হোক ইলিশময়! জেনে নিন চারটি সুস্বাদু রেসিপি
রবিবারই পরিবারের সঙ্গে দুপুরের মহাভোজে বানিয়ে ফেলুন ইলিশের নানা জিভে জল আনা পদ। আপনাদের জন্য রইল ইলিশ মাছের সুস্বাদু চারটি রেসিপি।

আর মাত্র কয়েকটা দিন বাকি বর্ষা শেষ হতে। সঙ্গে শেষ হবে ইলিশের মরশুম। আবার ক্যালেন্ডারে দিন গোনা শুরু বাঙালির। দীর্ঘ এক বছরের অপেক্ষার পর পাতে ইলিশের দেখা মেলে, তাই শেষদিন পর্যন্ত রসাস্বাদন না করলে চলে! সাধারণ ইলিশের পদ হোক কিংবা কোনও অফবিট রান্না- কোনওকিছুতেই যেন ইলিশের স্বাদ একেঘেয়ে মনে হয় না। তাই এবারের বর্ষার অন্তিম দিনগুলি আরও সুন্দর করে তুলুন ইলিশের স্বাদে। রবিবারই পরিবারের সঙ্গে দুপুরের মহাভোজে বানিয়ে ফেলুন ইলিশের নানা জিভে জল আনা পদ। আপনাদের জন্য রইল ইলিশ মাছের সুস্বাদু চারটি রেসিপি।
ইলিশ ভাপা
বিভিন্ন মশলার সহযোগে খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করা সম্ভব ইলিশ। যদিও ইলিশ ভাপা তৈরির পদ্ধতি প্রায় অনেকেরই জানা, কিন্তু যাঁরা এখনও রাঁধেননি, এই পদ তাঁদের জন্য। রইল ইলিশ ভাপার সম্পূর্ণ রেসিপি।

ইলিশ ভাপা
উপকরণ
• ইলিশ মাছ ৫-৬ টুকরো
• পোস্ত ৪-৫ টেবিল চামচ
• হলুদ সরষে ২ টেবিল চামচ
• কালো সরষে হাফ টেবিল চামচ
• কাঁচা লঙ্কা ৬-৭টি
• লেবুর রস হাফ চা চামচ
• হলুদ গুঁড়ো হাফ চা চামচ
• লবণ
• চিনি
• সরষের তেল
পদ্ধতি
• হলুদ ও কালো সরষে, পোস্ত, খুব সামান্য লবণ ও চিনি, হাফ চা চামচ লেবুর রস এবং সামান্য জল যোগ করে মিশিয়ে ভালোভাবে মিক্সারে ঘুরিয়ে নিন।
• লবণ, হলুদ গুঁড়ো ও সামান্য সরষের তেল মাখিয়ে ১০ থেকে ১৫ মিনিট মাছগুলি রেখে দিন ।
• এরপর একটি টিফিন বক্সে সামান্য সরষের তেল মাখিয়ে মাছের টুকরোগুলি সরষে পোস্তর পেস্টে মাখিয়ে নিন। ওপর থেকে সরষের তেল এবং কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিন। টিফিন বক্সের মুখ আটকে ৩০ মিনিট রেখে দিন।
• আধঘণ্টা পর একটি কড়াইয়ে জল গরম বসাতে হবে। জল সামান্য ফুটে উঠলে তাতে একটি স্ট্যান্ড রেখে মাছভর্তি টিফিন বক্স বসিয়ে দিন। একটি ঢাকনা দিয়ে কড়াই চাপা দিয়ে মাঝারি আঁচে ১৫ মিনিট ধরে মাছটি রান্না করে নিন।
• ১৫ মিনিট পর গ্যাস বন্ধ করে টিফিন বক্স ঠান্ডা হতে দিন। ওপর থেকে সামান্য সরষের তেল ছড়িয়ে দিলেই তৈরি ইলিশ ভাপা। বৃষ্টির দিনে গরম ভাতের সঙ্গে ইলিশ ভাপা হলে আর কিছুই লাগে না।
ইলিশের আলু-বেগুন দিয়ে ঝোল
আকাশে বর্ষার মেঘ উড়ে এলেই মনে আসে গরম ভাত দিয়ে ইলিশের আলু-বেগুন ঝোলের কথা। এই রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ হলো,
• ইলিশ ৫-৬ টুকরো
- আপনার জন্য আরও কিছু লেখা
শুধু স্বাদে নয়, ইলিশ মাছ পুষ্টিগুণেও পরিপূর্ণ- বলেছেন চিকিৎসকেরা। চলুন জেনে নেওয়া যাক, ইলিশে কী কী পুষ্টি উপাদান রয়েছে।
• মাঝারি আকারের বেগুন টুকরো করে কাটা
• মাঝারি মাপের আলু টুকরো করে কাটা
• কাঁচা লঙ্কা ৬-৭টি
• ১ টেবিল চামচ কালো জিরে বাটা ও হাফ চা চামচ গোটা কালো জিরে
• লবণ
• সরষের তেল
পদ্ধতি
• ইলিশ মাছের টুকরোগুলি ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলিতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর এই অবস্থায় ১৫-২০ মিনিট রেখে দিন।
• এরপর কড়াইতে তেল গরম করে তাতে কালো জিরে ও কাঁচা লঙ্কা দিয়ে অল্প ভেজে তাতে আলু-বেগুন দিয়ে দিয়ে দিন। সামান্য হলুদ ও নুন যোগ করে আলু-বেগুনও ভালোভাবে ভেজে নিতে হবে।
• অন্য একটি পাত্রে হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো জল দিয়ে মিশিয়ে নিয়ে কড়াইয়ে ঢেলে দিন। এরপর মাঝারি আঁচে মশলা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে জল দিয়ে মাছের টুকরোগুলো কড়াইতে ছেড়ে দিন।
• ঝোল সামান্য ফুটে এলে কাঁচা লঙ্কা এবং সামান্য কালো জিরে বাটা দিয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশের আলু-বেগুন দিয়ে ঝোল।

ইলিশের আলু-বেগুন দিয়ে ঝোল
সরষে ইলিশ

সরষে ইলিশ
উপকরণ
• ৫-৬ টুকরো ইলিশ মাছ
• কালো সরষে ৪-৫ টেবিল চামচ
• কাঁচা লঙ্কা ৬-৭ টি
• কালো জিরে হাফ চা চামচ
• হলুদ গুঁড়ো হাফ চা চামচ
• কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ
• লবণ
• সরষের তেল
পদ্ধতি
• ইলিশ মাছের টুকরোগুলি ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলিতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর এই অবস্থায় ১৫ -২০ মিনিট রেখে দিন।
• এরপর একটি পাত্রে কালো সরষে, সামান্য পরিমাণে লবণ, তিনটি কাঁচা লঙ্কা এবং জল দিয়ে সরষের মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবারে অন্য একটি পাত্রে বেটে নেওয়া সরষে ছেঁকে পেস্টের থেকে খোসা আলাদা করে নিন। অনেকেরই সরষে ইলিশ খেলে হজমের সমস্যা হয়, কিন্তু এভাবে ছেঁকে নিয়ে রান্না করলে সেই সমস্যা থাকে না।
• তারপর গ্যাসে কড়াই বসিয়ে ৩ টেবিল চামচ সরষের তেশ দিন। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে হাফ চা চামচ কালো জিরে ও ৫ টি চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ৩০-৪০ সেকেন্ড সময় ভালো করে ভেজে নিতে হবে।
• এরপর সেই তেলে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প আঁচে ৭-৮ সেকেন্ড সময় ধরে ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেলে তাতে জল দিয়ে ২-৩ মিনিট রেখে দিন। জল ফুটে উঠলে ইলিশ মাছের টুকরোগুলি দিয়ে উল্টেপাল্টে আরও তিন মিনিট ফুটিয়ে নিন।
• তিন মিনিট পরে বেটে রাখা সরষের পেস্ট কড়াইয়ে ঢেলে দিন। এরপর আরও ৫ মিনিট ঢেকে রেখে রান্না করে নিন মাছগুলি।
• গন্ধের জন্য ওপর থেকে ১ চা চামচ কাঁচা তেল ছড়িয়ে দিন। বর্ষাকালে গরম ভাত এবং সরষে ইলিশের নাম শুনলেই জিভে জল চলে আসে।
ইলিশ মাছের মালাই পাতুড়ি
উপকরণ
• ইলিশ মাছের টুকরো ৫-৬টি
• হলুদ সরষে ১ টেবিল চামচ
• কালো সরষে ১ টেবিল চামচ
• ছোট একটি বাটির ডাবের শাঁস
• বড় এক কাপ ডাবের জল
• কাঁচা লঙ্কা ৬-৭টি
• গুঁড়ো দুধ ৩ টেবিল চামচ
• হলুদ গুঁড়ো
• লঙ্কা গুঁড়ো
• সরষের তেল
• মাঝারি মাপের ৩-৪ টুকরো কলা পাতা

ইলিশের মালাই পাতুড়ি
পদ্ধতি
• মাছের টুকরোগুলি ভালোভাবে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে নিতে হবে।
• এরপর একটি পাত্রে ১ টেবিল চামচ পরিমাণে কালো ও হলুদ সরষের সঙ্গে নুন এবং লঙ্কা দিয়ে জল ছাড়াই মিক্সার বেশ কয়েকবার ঘুরিয়ে নিন। তারপর তাতে ডাবের শাঁস ও হাফ কাপ ডাবের জল যোগ করে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে।
• এবারে একটি ছড়িয়ে নেওয়া পাত্রে ভালোভাবে কলাপাতা বিছিয়ে নিন। কলাপাতার ওপরে পেস্ট করে নেওয়া মশলার বেশ কিছুটা ঢেলে নিয়ে তাতে ৩ টেবিল চামচ গুঁড়ো দুধ, কাঁচা তেল ও অল্প পরিমাণে ডাবের জল, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো যোগ করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
• কলাপাতার ওপরে মশলার মিশ্রণটি ছড়িয়ে নিয়ে মাছের টুকরোগুলিতে মাখিয়ে নিয়ে সেগুলি সাজিয়ে নিন। এরপর ওপর দিয়ে পেস্ট করে রাখা বাকি সরষে বাটা মাছের গায়ে ছড়িয়ে দিন। চারটি কাঁচা লঙ্কা, তিন টেবিল চামচ সরষের তেল এবং সামান্য ডাবের জল দিয়ে আরেকটি কলাপাতা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। এরপরও পাত্রের মুখ ঢাকনা দিয়ে আটকে নিন।
• মাছ রাখা পাত্রটি গ্যাসে বসিয়ে ২ মিনিট বেশি আঁচে এবং ৮ মিনিট অল্প আঁচে দিয়ে মাছগুলি ভাপিয়ে নিতে হবে। তাহলেই ১০ মিনিটে তৈরি হয়ে যাবে ইলিশ মালাই পাতুড়ি রেসিপিটি।
















