ঘরে ঘরে কোটিপতি! বিশ্বের ধনীতম শহরে এক চিলতে জমির দাম শুনে চোখ উঠবে কপালে!
World's Richest City New York: ৩,৪০,০০০ কোটিপতি থাকেন এই শহরে! শুধু তাই নয়, ৭২৪ জন সেন্টি-মিলিয়নেয়ার এবং ৫৮ জন বিলিয়নেয়ারের আবাস এই শহরে।

ডাইনে গেলে কোটিপতি, বাঁয়ে গেলে কোটিপতি। রাস্তায় হাঁটছেন, যার সঙ্গে ধাক্কা লাগল সেও কোটিপতি! হাঁটতে চলতে সর্বত্র, যেদিকে তাকাচ্ছেন সেদিকেই কোটিপতি! স্বপ্ন নয়, বাস্তবে এমনটাই ঘটবে আপনার সঙ্গে যদি আপনি গিয়ে পড়েন বিশ্বের সবচেয়ে ধনী শহরে। নিউইয়র্ক বিশ্বের সবচেয়ে ধনী শহর হওয়ার তকমা পেয়েছে, আবারও। ২০২৩ সালে সবচেয়ে বেশি কোটিপতি রয়েছেন এই শহরে! বিশ্বব্যাপী সম্পদের খোঁজখবর নজরে রাখা সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের মতে, শহরটিতে ৩,৪০,০০০ কোটিপতি রয়েছেন।
নিউইয়র্কের পরেই সবচেয়ে বেশি কোটিপতিদের বাস টোকিও এবং সান ফ্রান্সিসকোতে। যথাক্রমে ২৯০,৩০০ এবং ২৮৫,০০০-জন কোটিপতি থাকেন টোকিও এবং সান ফ্রান্সিসকোর বে এরিয়াতে।
বিশ্বের সবচেয়ে ধনী শহর ২০২৩ এর প্রতিবেদনে বিশ্বব্যাপী নয়টি অঞ্চল জুড়ে সমীক্ষা চালানো হয়। আফ্রিকা, অস্ট্রেলিয়া, সিআইএস, পূর্ব এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে ৯৭টি শহরকে এই প্রতিবেদনের সমীক্ষার বিভিন্ন মাপকাঠিতে বিচার করে দেখা হয়। দেখা যায় বিশ্বের সম্পদের বেশিরভাগটাই রয়েছে এই শহরগুলিতে। শুধু নিউইয়র্ক নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের আরও তিনটি শহর রয়েছে ধনীদের দখলে- দ্য বে এরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং শিকাগো। তালিকায় চিনের দু'টি শহর, বেইজিং এবং সাংহাইও রয়েছে।
- আপনার জন্য আরও কিছু লেখা
Richest woman in the world : বিশ্বসেরা ধনী এই মহিলার সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে যে কারোর

এই বছরের তালিকায় লন্ডনের কোটিপতির সংখ্যা ২৫৮,০০০। রেসিডেন্ট হাই-নেট-ওয়ার্থ ব্যক্তিদের (HNWIs) তালিকায় চতুর্থ স্থানে নেমে গিয়েছে লন্ডন। তারপরেই স্থান সিঙ্গাপুরের, ২৪০,১০০ জন কোটিপতি থাকেন এই শহরে৷ ২০০০ সালে, লন্ডনেই ছিল পৃথিবীর সবচেয়ে বেশি কোটিপতিদের বাস, কিন্তু গত ২০ বছরে তালিকায় অনেকটাই নিচে নেমে গিয়েছে লন্ডন।

নিউইয়র্ক সিটির আদরের ডাকনাম দ্য বিগ অ্যাপল। তিন লক্ষ ৪০ হাজার কোটিপতি থাকেন এই শহরে! শুধু তাই নয়, ৭২৪ জন সেন্টি-মিলিয়নেয়ার এবং ৫৮ জন বিলিয়নেয়ারের আবাস এই শহরে। এটি NYSE এবং Nasdaq, বিশ্বের দু'টি বৃহত্তম স্টক এক্সচেঞ্জেরও আবাসস্থল। এই শহরটি ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, কুইন্স এবং স্টেটেন আইল্যান্ডের পাঁচটি বরো নিয়ে গঠিত। এবং ম্যানহাটনের পঞ্চম অ্যাভিনিউ সহ বিশ্বের সবচেয়ে দামি আবাসিক রাস্তা নজরে পড়বে এখানেই যেখানে বাড়ি কিনতে গেলে প্রতি বর্গমিটারের দাম ২৭,০০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।















