কে বেশি উঁচু! ওয়াঘা সীমান্তে পতাকা যুদ্ধ
Wagha Indian Flag: এই মুহূর্তে ভারতের যে জাতীয় পতাকা ওয়াঘা সীমান্তে রয়েছে তার উচ্চতা ৩৬০ ফুট এবং সেটি ২০১৭ সালে স্থাপন করা হয়।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দেশবাসীর জন্য একের পর এক চমক নিয়ে আসছে কেন্দ্র সরকার। অমৃতকালে নতুন অশোক স্তম্ভ, রাজধানীতে নেতাজির মূর্তি উদ্বোধন দেখেছে ভারতবাসী। সেই তালিকায় এবার নতুন সংযোজন দেশের সবচেয়ে লম্বা জাতীয় পতাকার স্থাপন। ভারত-পাকিস্তান সীমান্তে ৪১৮ ফুট লম্বা তেরঙা পতাকা স্থাপন করবে ন্যাশনাল হাইওয়েস অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)। পাকিস্তানের সঙ্গে বরাবরই নীরবে পতাকা যুদ্ধ চলতে থাকে ভারতের। অতীতেও এই ঘটনার বহু প্রমাণ রয়েছে। এবার পাকিস্তানকে ছাপিয়ে আরও উঁচুতে পতাকা ওড়াবে ভারত। তবে ওয়াঘা সীমান্তে নতুন এই পতাকা স্থাপনের ফলে দু’দেশের মধ্যে পতাকা যুদ্ধ আরও তীব্র হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
পতাকার খুঁটিনাটি
কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফে অনুমতি মিলতেই এনএইচএআই-এর তরফে টেন্ডার ডেকে পতাকা প্রস্তুতের কাজ শুরু হয়। নতুন যে পতাকা আত্তারি-ওয়াঘা সীমান্তে স্থাপন করা হবে তা পাকিস্তানের পতাকার তুলনায় প্রায় ১৮ ফুট বেশি উঁচু। এই মুহূর্তে ভারতের যে জাতীয় পতাকা ওয়াঘা সীমান্তে রয়েছে তার উচ্চতা ৩৬০ ফুট এবং সেটি ২০১৭ সালে স্থাপন করা হয়। সেই সময় পতাকা তৈরিতে খরচ হয়েছিল ৩.৫ কোটি টাকা। ভারতের পক্ষ থেকে ওয়াঘা সীমান্তে পতাকা লাগানোর কিছুদিনের মধ্যেই অগাস্ট মাসে ৪০০ ফুট উচ্চতার পতাকা স্থাপন করে পাকিস্তান। কে বেশি বড় তা প্রমাণের সুযোগ কেউই হাতছাড়া করতে নারাজ!
কেন বসানো হচ্ছে এই নতুন পতাকা?
- আপনার জন্য আরও কিছু লেখা
Kumari Puja: নারীতে পরমার্থ দর্শন এবং পরমার্থ অর্জন—এই হল কুমরী পুজোর মূল মন্ত্র। বিশ্বব্রহ্মাণ্ডে সৃষ্টি, স্থিতি ও লয় হয়ে চলেছে সারাক্ষণ যে ত্রিশক্তির দ্বারা, সেই ত্রিশক্তিই কুমারীতে রয়েছে বীজাকারে।
এনএইচএআই-এর তরফে জানানো হয়েছে, “আমরা কনট্র্যাকটে অনুমোদন জানিয়েছি। পতাকা স্থাপনের কাজ ১৫ থেকে ২০ দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তবে ঠিক কোন জায়গায় পতাকা স্থাপন করা হবে তা এখনও ঠিক হয়নি কিন্তু বিএসএফের পরামর্শ অনুযায়ী জয়েন্ট চেক পোস্টে দর্শকদের গ্যালারির কাছেই স্থাপন করা হবে নতুন পতাকা। এখন যে পতাকা রয়েছে তা ব্রিটিং রিট্রিটের সময় গ্যালারির ভবনের উচ্চতার কারণে দর্শকরা ভালোভাবে দেখতে পান না সেকারণেই এই উদ্যোগ।”
যদিও জানা গেছে যে, পুরনো জাতীয় পতাকাটি এখনই খুলে নেওয়ার পরিকল্পনা নেই সরকারের। পুরনো পতাকা নতুন তৈরি পতাকার সঙ্গে প্রতিস্থাপিত করা হবে বা সম্পূর্ণ সরিয়ে ফেলা হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে নতুন জাতীয় পতাকা স্থাপনের পরেই। এনএইচএআই-এর ইঞ্জিনিয়ারিং শাখার ইনচার্জ যোগেশ যাদব জানিয়েছেন, এই কাজ দেখাশোনা করছেন স্বয়ং প্রজেক্ট ডিরেক্টর সুনীল যাদব। নতুন পতাকা স্থাপনের পর এটিই দেশের সবচেয়ে লম্বা জাতীয় পতাকা হতে চলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএসএফ জওয়ান হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, “বহু পর্যটক ঘুরতে এসে আমাদের জাতীয় পতাকার উচ্চতা বাড়ানোর দাবি জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন যে আমাদের জাতীয় পতাকা পাকিস্তানি পতাকার তুলনায় ছোট দেখায়। একবার নতুন পতাকা স্থাপন হয়ে গেলে পর্যটকদের আর কোনো অভিযোগ থাকবে না। বরং তারাও আনন্দ পাবেন।”
এই মুহূর্তে দেশের সর্বোচ্চ জাতীয় পতাকা রয়েছে কর্ণাটকের বেলগাঁও দুর্গে। এর উচ্চতা ৩৬১ ফুট, ওয়াঘা বর্ডারে থাকা জাতীয় পতাকার তুলনায় মাত্র এক ফুট বেশি উঁচু। তবে শুধু যে নতুন পতাকা স্থাপন করছে সরকার তাতে পর্যটকদের জন্য ঢেলে সাজানো হচ্ছে ওয়াঘা বর্ডার। কিন্তু শুধুমাত্র ওয়াঘা সীমান্ত বা কর্ণাটক নয় দেশের আরও নানা প্রান্তে রয়েছে সুউচ্চ জাতীয় পতাকা।
- আপনার জন্য আরও কিছু লেখা
Glenary's Darjeeling Tea: চা বাগান মালিকদের বক্তব্য, চা বাগানগুলির আসল সর্বনাশের মূলে রয়েছে ২০১৭ সালের ১০৫ দিন ব্যাপী টানা বনধ। সেই সময়ে আন্দোলনকারীরা চায়ের উৎপাদন বন্ধ রেখে দার্জিলিংয়ের চা রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন।
ভক্তি শক্তি পতাকা
পুনের নিগদির ভক্তি শক্তি উদ্যানে ৩৫১ ফুট উচ্চতার জাতীয় পতাকা রয়েছে। এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ জাতীয় পতাকা। ২০১৮ সালে রমেশ জারকিহলি, তৎকালীন ডিস্ট্রিক্ট ইনচার্জ মিনিস্টার এই পতাকা উদ্বোধন করেন। ওয়াটারপ্রুফ পলিয়েস্টার কাপড় দিয়ে তৈরি এই পতাকা ভারতের উচ্চতম পতাকাগুলির মধ্যে অন্যতম।
গুয়াহাটি
মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দেশের চতুর্থ উচ্চতম জাতীয় পতাকা উদ্বোধন করা হয় অসমের গুয়াহাটিতে। ৩১৯.৫ ফুট উচ্চতার ভারতীয় জাতীয় পতাকা সারানিয়া পাহাড়ের উপর গান্ধী মণ্ডপ মেমোরিয়ালে স্থাপিত রয়েছে।
কোলাপুর
৩০৩ ফুট উচ্চতার এই জাতীয় পতাকা কাসাবা বাওদার পুলিশ উদ্যানে উদ্বোধন করা হয় মহারাষ্ট্র দিবসের দিন। ২৪ টন ওজনের প্রায় ৯০ মিটার লম্বা পোলের ওপর দণ্ডায়মান রয়েছে ভারতের পঞ্চম উঁচু জাতীয় পতাকা।
খাদির পতাকা
গত বছর মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পৃথিবীর বৃহত্তম খাদির তৈরি পতাকা স্থাপন করা হয় লে লাদাখে। লাদাখের লেফটেন্যান্ট গর্ভনর এই পতাকার উদ্বোধন করেন। ২২৫ ফুট লম্বা এবং ১৫০ ফুট চওড়া খাদির তৈরি পতাকার ওজন প্রায় ১০০০ কেজি। ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার রেজিমেন্টের ৫৭ জন সেনা মিলে তৈরি করেছিলেন এই পতাকা। ১৫০ জন সেনা প্রায় দু’ঘণ্টা ধরে ২০০০ ফুট উঁচু পাহাড়ে টেনে তোলে সেই জাতীয় পতাকা। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয় ভারতবর্ষের মানুষ।
















