দুচাকা হোক বা চারচাকা, টায়ারের রং সবসময় কালোই হয় কেন?
Interesting Facts about Tyre colour : আগে সাদা রঙের টায়ার ব্যবহৃত হতো, তাহলে হঠাৎ করে বদল হল কেন? রাস্তার ধুলো থেকে রক্ষা করাই কী আসল কারণ, নাকি অন্য কিছু?

আমাদের রোজকার ব্যবহারিক জীবনে এমন অনেক কিছুই অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যার কারণ বিশ্লেষণ করতে বসলে রীতিমতো সমস্যায় পড়তে হয়। অভ্যাসের আবার কোনও কারণ হয় নাকি, চলে আসছে এটুকুই! তবে জেনে রাখা দরকার, ব্যবহারিক জীবনের এমন অনেক অভ্যাসেরই রয়েছে নির্দিষ্ট কিছু কারণ। রোজই সকাল থেকে রাত অবধি আপনি যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন কিছু না কিছু গাড়ি, যেমন - টোটো, অটো, রিক্সা থেকে শুরু করে বাস অথবা লরি সবেতেই রয়েছে একাধিক চাকা। লক্ষ্য করে দেখেছেন কি, সেই সবকটি চাকারই রং হয় কালো? জানেন কেন এমন হয়? কেন আর অন্য কোনও রঙের চাকা দেখতে পাওয়া যায় না রাস্তায়?
গড়িয়ে চলাই চাকার ধর্ম তাই, আকৃতি প্রতিক্ষেত্রেই গোল হয় ঠিক তবে, চাকার রঙের ওপর কেন এমন একাধিপত্য তৈরি হল কালো রঙের সেটা নিয়ে রয়েছে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা। রেসিং কার অথবা আধুনিক কিছু সাইকেলে কিছু সময় আজকাল নীল বা গাঢ় রঙের টায়ার ব্যবহার করতে দেখা যাচ্ছে কোনও কোনও সংস্থাকে, তবে কালো টায়ারই রয়েছে বাজারের সিংহভাগ জুড়ে। আর এর আসল কারণ হল টায়ারের মধ্যে থাকা উপাদান।
- আপনার জন্য আরও কিছু লেখা
Male Contraceptive Pills : গবেষকদের দাবি, এই বিশেষ ওষুধটিই পুরুষদের জন্য জন্মনিয়ন্ত্রক ওষুধ হিসেবে কাজ করবে! এই কাজে ওষুধটি অত্যন্ত সফল!
প্রসঙ্গত জেনে রাখা দরকার, ১৮৯৫ সালের আগে রাস্তায় যেসব যানবাহন চলাচল করত তাদের কারোরই আজকের মতো কালো রঙের টায়ার ছিল না, তখন যেসব টায়ার ব্যবহৃত হতো, তার রং ছিল সাদা। নিউম্যাটিক রাবারের টায়ার ব্যবহার করা হত তখন। আর সেই রাবারের আসল রং যেহেতু সাদা তাই সেই রঙের টায়ারই ব্যবহার করা হতো। তাহলে হঠাৎ করে বদল হল কেন? রাস্তার ধুলো থেকে রক্ষা করাই কী আসল কারণ, নাকি অন্য কিছু? আসলে ওই সাদা রঙের রবার খুব একটা টেকসই ছিল না। তাই টায়ার প্রস্তুতকারী সংস্থাগুলি রাবারের সঙ্গে ভুসোকালি মিশিয়ে টায়ার তৈরি শুরু করে। এতে টায়ার বেশ মজবুত ও টেকসই হয়। এছাড়াও টায়ার যেহেতু মূলত রবারের তৈরি হয় তাই সেটি সূর্যের আলোর সংস্পর্শে এসে শক্ত হয়ে যেত, ফলে গাড়ি গড়াতে অসুবিধা হতো। তবে কালো টায়ারের ক্ষেত্রে সেই সমস্যাও আর নেই।
যুগের সঙ্গে তাল মিলিয়ে ভুসো কালির পরিবর্তে এখন ব্যবহার করা হয় কার্বন ব্ল্যাক। এরও একই কাজ। উপরন্তু কার্বন ব্ল্যাকের ব্যবহারে আরও টেকসই হয় নতুন টায়ার। সূর্যের ইউভি রশ্মি ক্ষতি করতে পারে না এই কালো টায়ারের। তাই টায়ার শক্ত হয় না। দীর্ঘদিন ভালো সার্ভিস দেয় গাড়ি। আর সেই থেকেই গাড়িতে এমন কালো রঙের টায়ার ব্যবহারের চল শুরু হয়, যা আজও চলে আসছে। বা বলা ভালো অভ্যাস হয়ে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে ব্যবহারিক জীবনের সঙ্গে।















