জমানো টাকায় সংসার চলে? জানেন কোথায় কীভাবে টাকা রাখলে পাবেন বেশি সুদ?
Repo rate hiked : রেপো রেট বাড়লে যে কেবল মাত্র ব্যাংক থেকে নেওয়া লোনের ওপর সুদের হার বাড়ে তাই নয়, পাশাপাশি ব্যাংকে গচ্ছিত নগদ অর্থ থেকে প্রাপ্য সুদের হারও বাড়ে।

এই নিয়ে চলতি অর্থ বর্ষে ছয়বার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর আগে গত ডিসেম্বর মাসেও রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাংক। বর্তমানে RBI-র গভর্নর শক্তিকান্ত দাস আবারও ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধির কথা ঘোষণা করলেন। ফলে বর্তমান রেপো রেট বেড়ে দাঁড়াল ৬.৫ শতাংশ। বাজারে মুদ্রাস্ফীতির সঙ্গে মোকাবিলা করতেই বারবার এই পথ বেছে নিচ্ছে রিজার্ভ ব্যাংক।
এই রেপো রেট হল এক প্রকার সুদের হার। আমরা জমি, বাড়ি অথবা ব্যক্তিগত কোনও সম্পত্তি ক্রয়ের সময় নগদ অর্থের চাহিদা মেটাতে প্রায়শই ব্যাংক লোনের উপর ভরসা করি। নির্দিষ্ট কোনও ব্যাংক থেকে যে লোন নেওয়া হয়, সেটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্দিষ্ট সুদের হারে আবার ফেরত দিতে হয় ব্যাংকে। এবার কোনও ব্যাংক যখন নগদ অর্থের জন্য রিজার্ভ ব্যাংক থেকে লোন নেয়, এবং সেই লোনের ওপর যে সুদ চাপায় রিজার্ভ ব্যাংক তাকেই বলা হয় রেপো রেট। তাই স্বাভাবিক ভাবেই রেপো রেট বাড়লে পাশাপাশি বাড়তে থাকে ব্যক্তিগত লোন নেওয়ার ওপর সুদের হারও। যার জেরে জমি বাড়ি ক্রয়ের পথে একটা বাধা আসতে পারে মধ্যবিত্ত পরিবারে।
- আপনার জন্য আরও কিছু লেখা
Budget 2023 : কেন্দ্রীয় বাজেটে নারী ক্ষমতায়নের উপরে জোর দিলেন অর্থমন্ত্রী
অন্যদিকে এই রেপো রেট বৃদ্ধির জেরে একটি সুবিধাও ভোগ করতে পারেন আমানতকারীরা। রেপো রেট বাড়লে যে কেবল মাত্র ব্যাংক থেকে নেওয়া লোনের ওপর সুদের হার বাড়ে তাই নয়, পাশাপাশি ব্যাংকে গচ্ছিত নগদ অর্থ থেকে প্রাপ্য সুদের হারও বাড়ে। আসুন জেনে নেওয়া যাক সাম্প্রতিক রেপো রেট বৃদ্ধির প্রভাবে কোথায় কত শতাংশ বাড়ল সুদের হার? কোন ব্যাংকে টাকা জমালে বেশি লাভের সম্ভাবনা?
- আপনার জন্য আরও কিছু লেখা
Repo rate hiked : সাধারণ মানুষের জমি বাড়ি ক্রয়ের স্বপ্নে জোর ধাক্কা, এই নিয়ে চলতি অর্থবর্ষে টানা ছয়বার বাড়ল রেপো রেট
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শুক্রবার তাদের সুদের হার বাড়িয়েছে। গত ১০ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হচ্ছে এই রেট। হাউজিং লোনের জন্য সুদের হার ৮.৩৫-৯.১০ শতাংশ থেকে ৮.৬০-৯.৩৫ শতাংশে উন্নীত করা হয়েছে। অন্যদিকে আমানতের সুদের হার অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই অপরিবর্তিত রয়েছে। কেবল পাঁচ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রাপ্য সুদের হার বাড়ানো হয়েছে ০.২৫ শতাংশ। যেখানে এক বছরের আমানত ৭.৭৫ শতাংশ সুদের হার পাবে, তিন বছর এবং পাঁচ বছরের আমানত যথাক্রমে ৭.৫০ শতাংশ এবং ৭.২৫ শতাংশ হারে পাবে৷
অপরদিকে বেসরকারী ঋণদাতা কোটাক মাহিন্দ্রা ব্যাংকও রেপো রেট বৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে স্থায়ী আমানতের সুদের হার সংশোধন করেছে। শুক্রবার থেকেই কার্যকর করা হয়েছে নয়া নিয়ম। নির্দিষ্ট মেয়াদের স্থায়ী আমানতের সুদের হার ০.২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির কথা ঘোষণা করেছে সংস্থা। ১৫ মাস থেকে ২ বছর মেয়াদী ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে দুই কোটি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত জমার পরিমাণের জন্য ৭.২৫ শতাংশ এবং দুই কোটি টাকা পর্যন্ত জমার পরিমাণের জন্য ৭.১০ শতাংশ সুদ পাওয়া যাবে। “আরবিআই মূল সুদের হার বৃদ্ধি করার সাথে সাথে, আমরা আমাদের মূল্যবান গ্রাহকদের তাদের সঞ্চয়ের উপর উচ্চতর রিটার্ন পাওয়ার সুবিধাটি দিয়েছি”, জানিয়েছেন কোটাক মাহিন্দ্রার প্রধান বিরাট দিওয়ানজি। ফলে যাদের এই জমানো অর্থের সুদের ভরসাতেই সংসার চলে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে রেপো রেট বৃদ্ধি। সেই মতো ভেবে চিন্তে টাকা পয়সা জমানোর পথে এগুবেন আমানতকারীরা।
















