প্লাস্টিক, ডিজে, গাছ কাটা — সোনাঝুরি হাটের যে কুৎসিত দশা চোখে দেখা যায় না

Shonajhuri Haat: সোনাঝুরির হাটে স্থানীয়দের উৎপন্ন তো কোন ছাড়। লুধিয়ানা, জলন্ধর, হরিয়ানা আর কলকাতার বড়বাজারের মালের ছয়লাপ। তাকেই শান্তিনিকেতনের হস্তশিল্প বলে চালানোর চেষ্টা চলছে।

Ladly Mukhopadhaya
৫ মিনিট
প্লাস্টিক, ডিজে, গাছ কাটা — সোনাঝুরি হাটের যে কুৎসিত দশা চোখে দেখা যায় না

কুমোরপাড়ার গরুর গাড়ি কি প্রতি শুক্রবার বক্সীগঞ্জের হাটে যেত? ভাগ্নে মদন কি বংশীবদনের সঙ্গে নিয়মিত থাকত? এইসব মামুলি প্রশ্নে খানিকটা হলেও আমাদের অনেকেরই শিশুকাল কেটেছে। ইংরেজি মাধ্যমের দাপটের সঙ্গে সঙ্গে তা উধাও হয়েছে। হাট ক্রমে একটা পোশাকি শব্দেই বেঁচে আছে। বড়বেলায় এসে জেনেছি, শুধু হাট কবিতাটিই নয়, বৌঠাকুরাণীর উপন্যাস বৃত্তান্ত থেকে পল্লীসমাজের বিস্তৃতি থেকে নানা চিঠিপত্রে হাটের সঙ্গে রবীন্দ্রনাথের ছিল এক নিগূঢ় সম্পৃক্ততা। সে সমস্ত উদাহরণ মায় দৃষ্টান্ত লিখে বর্তমান প্রতিবেদনটি ভারাক্রান্ত করতে চাই না। তারচেয়ে বরং হাট নিয়ে দু-চার বাক্য লিখে মূল বিষয়মুখে ঢুকব। তা হলো, হাট বসে উদয় অস্ত। সপ্তাহের নির্দিষ্ট একদিন। কোথাও কোথাও দু'দিনও বসে। কিন্তু সারা সপ্তাহ কোনওমতেই নয়। তবে বাজার চলে সন্ধ্যার পরও, সপ্তাহভর। এই হলো হাট ও বাজারের প্রাথমিক পার্থক্য। শহর থেকে শুধু নয় বৃহত্তর পশ্চিমবঙ্গে হাট নিপাতনে গেলেও এখনও গ্রাম-মফসসলে তার এক-আধটার খোঁজ মেলে কিন্তু তার চরিত্র যাচ্ছে বদলে।

এখন হাট বসে পাঁচতারার উঠোনে, বহুতল কমপ্লেক্সের কোলে, পুজোর অঙ্গসজ্জায় আর পর্যটকদের খাতিরে কনজিউমার প্রোডাক্ট বিপণনের মঞ্চ হিসেবে। হাটের শুদ্ধসত্ত্ব চরিত্র নেই এখানে। ভোক্তার বাবুগিরি আছে। বেনামের এই হাটই আজ সমাদরে প্রতিষ্ঠিত হচ্ছে। তার ব্যুৎপত্তিগত অর্থ কোণঠাসা হতে হতে আদতে বিলীন হয়ে যাচ্ছে পণ্য সমাজের দায় ভার বইতে গিয়ে। এর কারণ কি শুধুই নগরায়ন? না, শহুরে মানুষের মনন ও চাহিদার সমীকরণেই তা জব্দ হয়ে গেছে। সে গেছে খোলা বাজারের জয়গানে, ঐতিহ্যলালিত মেধা ও মননের উল্টো বাঁকে। অর্থনীতির অঙ্কে এই হাট শব্দটিকে যেভাবে দোহন করা হয়েছে বা হচ্ছে তা বাঙালি সমাজের ধারাবাহিক সেই অনপনেয় স্মৃতিকে চিরতরে মুছে দেবে কিনা জানা নেই। তবে প্রকৃত 'হাট' যে বর্তমান সমাজসংস্থায় প্রত্যাখ্যাত ও উপেক্ষণীয় তা হলফ করে বলা যায়।

নিউটাউনের সোনাঝুরি হাট

তবে যে কথা জানাতে এত শব্দের আয়োজন সেটা হলো শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের চরম এক বিধিনিষেধ ভাঙা, ঐতিহ্য বা নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো অব্যবস্থা। এখানে হাট প্রতিদিনই বসে। এখানে হাট সন্ধ্যার পর মোফোনের আলো কিংবা ব্যাটারি লাইটে চলে। এ হলো শান্তিনিকেতন পর্যটন কেন্দ্রের শ্রীক্ষেত্র।

রবীন্দ্রনাথ নয়, শান্তিনিকেতন নয়, চিত্রকলা-ভাস্কর্য নয়, নদী জঙ্গল নয়, আদিবাসীদের গ্রামও সেই অর্থে নয়। এখন এখানে পর্যটনের মূল আকর্ষণ সোনাঝুরির হাট। যার এককালীন ডাকনাম ছিল শনিবারের হাট। যার উৎপত্তি দু-দশক পিছিয়ে ২০০৪ বা ২০০৫-এ। কিছু শিল্পপ্রেমী উদ্যোগী (মূলত চিত্রকলা) মানুষ এই হাটের আয়োজন করেছিলেন এক সাঁওতাল কৃষকের ছোট একখণ্ড জমির ওপর। তিনি এমনিতেই জমিটি হাটের ব্যবহারের জন্য দেন। এইভাবে শুরু হয় শনিবারের হাট।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মদ, মাংস এবং ... হোটেল-রিসর্টময় শান্তিনিকেতন এখন যেখানে দাঁড়িয়ে

Shantiniketan Hotels & Resorts: আমোদগেঁড়ে শহুরে বাঙালি এই অঞ্চলে পৌঁছেই মদের দোকানে ছোটে। ক্যানাল পাড়ে, সামান্য বেঁচে থাকা জঙ্গলে, খোয়াইয়ের আনাচেকানাচে, কোপাইয়ের ধারে চলে মোচ্ছব।

কেমন ছিল সেই হাট? নিজের চোখে সেই হাট দেখেছি এবং তারিফ করেছি। সেই হাটের শুরুয়াত নিয়ে শান্তিনিকেতন নিবাসী আশ্রমিক ও লেখিকা অহনা বিশ্বাসের লেখা থেকে এখানে খানিকটা উদ্ধৃত করি।

১ . প্রাকৃতিক উপাদান ছাড়া কোনও কৃত্রিম বস্তু সেখানে ব্যবহার করা যেত না। প্লাস্টিকের প্যাকেটের তো কথাই নেই।

২.মাথায় কোনও ছাউনি ব্যবহার হতো না।

৩. আগুন জ্বালানো যেত না। যেসব খাবার ও চা-কফি বিক্রি করা হতো, তা সবই বাড়ি থেকে নিয়ে আসতে হতো। এখানে বানানো হতো না। বিক্রির পর আবর্জনা পরিষ্কারের দায় তাদেরই ছিল।

৪. সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই হাটে শুধু কারিগর বা শিল্পীরাই বসতে পারতেন। কোনও মিডলম্যান বা ফড়ে বসতে পারত না। ফলে বিক্রেতা প্রচুর বিক্রয়দ্রব্য জড়ো করতে পারত না। এই কারিগরদের অবশ্যই স্থানীয় বাসিন্দা হতে হতো।

৫. ডিজাইনের বিভিন্নতা ও নতুনত্বের দিকে নজর দেওয়া হতো। এ বিষয়ে স্বাভাবিক তর্কবিতর্ক থাকলেও এর প্রয়োজনীয়তা সবাই মেনে নিত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পলাশের ডাল ভাঙা, মদের মোচ্ছব | শান্তিনিকেতনে দোলখেলার শ্মশানযাত্রা

Shantiniketan Dol Utsab: বসন্ত পঞ্চমীর প্রভাতে শান্তিনিকেতন আশ্রমে প্রথম এই ঋতু উৎসব বা বসন্ত উৎসবের সূচনা করেন রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র শমীন্দ্রনাথ ঠাকুর।

৬. প্রতি শনিবার মধ্যাহ্ন পার হলে এই হাট বসত। শেষ হতো অন্ধকার নামলে। কোনও আলো জ্বালানো হতো না। কোনওভাবেই মাইকের ব্যবহার হতো না।

৭. হাট বসত সোনাঝুরিতে ব্রিজ পার হয়েই, যাকে আমরা ভাঙা খাল বলি, তার পাশে।

৮. প্রথম প্রথম নিয়ম ছিল, যার বিক্রি হবে, সে মেলা কমিটিকে একটাকা করে দেবে, যার বিক্রি হবে না, সে কিছু দেবে না। পরে সবাইকেই একটাকা করে দিতে হতো।

৯. হ্যাঁ এটাও বলা দরকার, চর্মজাত দ্রব্যও নিষিদ্ধ ছিল।

এবার প্রশ্ন হলো, আজ কেন এই প্রতিটি বিষয় আমূল পাল্টে গেল? মানে, তার বিপরীত কাজকারবারই কেন জোরদার ভাবে চালু হলো?

দিনে দিনে সেই সংক্ষিপ্ত পরিসরের হাট ক্রমশ বাড়তে থাকল। ভেস্টেড জমি থেকে ফরেস্টের জমি সবই অধিকৃত হলো হাটের নামে ও তা ঘটল রাজনৈতিক সহায়তায়। দুর্মূল্য সব গাছ রাতের অন্ধকারে সাবাড় করে দেওয়া হলো। জঙ্গল চুলোয় গেল। এক নতুন বিস্থাপন জায়গা পেল প্রকৃতি ধ্বংস করে। সোনাঝুরির হাট এভাবেই দৈর্ঘ্যে ও প্রস্থে বেড়ে চলল। আজ তা বাড়তে বাড়তে গোটা ক্যানাল পাড়ের অনেকটাই গিলে বসেছে। প্লাস্টিক আর কাগজের ঠোঙায় সমস্ত এলাকা আবর্জনার লঙ্কাকাণ্ড ঘটিয়ে চলেছে। কারও কোনও তাপ উত্তাপ নেই। লক্ষ্য শুধু, টাকার বিনিময়ে ব্যবসাকে জায়গা করে দেওয়া। এ এক মারাত্মক ব্যবসায়িক চক্র। যেখানে সরকার স্বয়ং পরোক্ষ এবং প্রত্যক্ষ মদদদাতা (হাটের লেজে কর্মতীর্থ বসেছে) সেখানে পরিবেশের দায় কে নেবে? একাধিক বেআইনি হোটেল ও রিসর্ট তৈরি হয়েছে এই বন দপ্তরের জায়গাতেই। সন্ধের পরে হাট সংলগ্ন এই হোটেলগুলিতে কুৎসিত এলইডি আলোর ঝকমকানির সঙ্গে শুরু হয় পিলে চমকানো ডিজে। বেশিরভাগ হিন্দি ও ভোজপুরি 'বিড়ি জ্বলাইলে' টাইপ গান। কর্ণপটাহের দফারফা। কিছুদিন আগে ধরা পড়েছে যে, সেখানে নিয়মিত ব্লু ফিল্মের শুটিং চলছে। তা নিয়ে খানিকটা হইচই হতে বন্ধ করা হলো রিসর্ট। আবার কিছুদিন পর খুলে গেল অদৃশ্য হাতের ইশারায়। যেই কে সেই!

ওই যে লিখেছি, এই হাট ছিল গ্রামীণ পরিসরে একটি শিল্পবান্ধব আয়োজন। আশেপাশের গ্রামের চাষিদের ক্ষেতের উৎপন্ন ফসল, ঘরে তৈরি আচার থেকে কাঁথাফোঁড়ের সামগ্রী, নানা হস্তনির্মিত শিল্পনিদর্শন, লিটল ম্যাগাজিন নিয়ে পসরা সাজিয়ে বসতেন স্থানীয় মানুষরা। ঠিক সেভাবে ব্যবসা কেন্দ্র ছিল না এই হাট। কেনাবেচা ছিল কিন্তু মুনাফার এই প্রমত্ত বহদ্দারহাট বেশরম চেহারাটা ছিল না। গাছের ছায়া ছিল, মাইক ছিল না। ক্রেতা ছিল, ভিড় ছিল না।

এখন আছে মাঝারি ও ছোট পুঁজির উচ্চকিত বোলবোলাও। স্থানীয়দের উৎপন্ন তো কোন ছাড়। লুধিয়ানা, জলন্ধর, হরিয়ানা আর কলকাতার বড়বাজারের মালের ছয়লাপ। তাকেই শান্তিনিকেতনের হস্তশিল্প বলে চালানোর চেষ্টা চলছে। বাইরের লোকের অর্থে চলছে দোকান। স্থানীয়রা আজ এখানে সংখ্যালঘু। সিংহভাগ ক্রেতা ও বিক্রেতা শহরের ব্যবসায়ী ও বোলপুরের দোকানদার, যাদের দু-চারটে দোকান ছিল এবং এখনও আছে ছড়িয়ে ছিটিয়ে।

কলকাতায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বুটিকের মালিকরা এখান থেকে পোশাক ও অন্যান্য দ্রব্য কম দামে কিনে শহরে চড়া দামে বেচতে নিয়ে যাচ্ছে। ফি-সপ্তাহে গাড়ি বোঝাই করে মাল আসছে। সেই মাল কিনছে আশেপাশের শহর ও কলকাতার লোকজন। আর আছে অঢেল পর্যটকদের যাওয়া আসা। শান্তিনিকেতন নয়, বর্তমানে বোলপুর শান্তিনিকেতন পর্যটন কেন্দ্রের উন্মত্ততা, যাকে আজকাল 'ক্রেজ' বলে ডাকে লোকে, তুঙ্গে তুলেছে সোনাঝুরির হাট। এখানে গেলেই সুরে-বেসুরে তথাকথিত বাউল গান শোনা যায়, তাঁদের সঙ্গে ছবি তোলা যায়। কিছু না হোক, ওঁদের থেকে একটা তালবাদ্যযন্ত্র নিয়ে বেতালা পেটানো যায়। আর নতুন সংযোজন হচ্ছে সাঁওতালরা। তারাও সোনাঝুরির হাটে নাচতে আসে। মেলায় আসা মহিলারা তাদের সঙ্গে নাচার চেষ্টা করে। তথাকথিত বাউল আর সাঁওতালদের কিছুটা রোজগার হয়। এখন তো এই অঞ্চলে নিজের মতো ছবি তুলতে গেলেও টাকা চায়।

শেষ করব এই সোনাঝুরি হাট সংলগ্ন রাস্তার অবস্থা জানিয়ে। প্রতিদিনই, বিশেষ করে শনি-রবিবার ও রাস্তায় যায় কার সাধ্য। গাড়ি, টোটো আর বাইকে ছয়লাপ। 'কার পার্কিং' গোছের কিছুটা জায়গা আছে। কিন্তু দু-চাকা, তিনচাকা, চারচাকা সব ওই একফালি সরু ক্যানাল রোডের ওপর। বল্লভপুর থেকে প্রান্তিক স্টেশন যাওয়ার এটাই মূলত রাস্তা। যাতায়াতের উপায় নেই। যেতে হলে তিন কিলোমিটার রাস্তা চোদ্দ কিলোমিটার ঘুরে যেতে হবে। টাকা লাগবে চারগুণ। দরিদ্র, সাধারণ মানুষের কোনও উপায় নেই। তাতে কার কী! বিনোদনের সঙ্গে মুনাফার এ তো শক্ত গাঁটছড়া বাঁধা!

প্রশাসন ঝোল খাচ্ছে শুধু।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।