'উজবুক' এসেছে উজবেকিস্তান থেকে? যে ধাঁধা লুকিয়ে এই শব্দে

Bengali Vocabulary: কোথা থেকে এল 'উজবুক' শব্দটি?

Asit Das
৪ মিনিট
'উজবুক' এসেছে উজবেকিস্তান থেকে? যে ধাঁধা লুকিয়ে এই শব্দে

এবারের শব্দ উজবুক। শব্দটি শুনলে অনেকেই পূর্বের তাতার দেশ বা ভেঙে যাওয়া সোভিয়েত ইউনিয়নের একটি দেশ উজবেকিস্তানের (বর্তমানে স্বাধীন রাষ্ট্র) কথা ভেবে নেবেন। সেটাই তো স্বাভাবিক। আমাদের প্রণম্য অভিধানপ্রণেতাগণ তো সকলেই একবাক্যে উজবেকিস্তান থেকে আসা আকাট মূর্খ সৈন্যদের থেকেই এই 'উজবুক' কথাটির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন। আভিধানিক মত হলো, ইসলামি শাসনের সময় বঙ্গে নাকি উজবেকিস্তান থেকে ভাড়াটে সৈন্য আমদানি করা হতো। দৈহিক মাপকাটিতে বেশ বড়সড় হলে কী হয়, বুদ্ধিতে তারা ছিল খাটো। তাই বোকা, আহাম্মক বলে তাদের দেগে দেওয়া হয়েছিল। সেই থেকেই উজবুক মানে মাথামোটা, আহাম্মক, বোকা বোঝায়।

অথচ ২০২০-র অলিম্পিকে আমরা উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বীর হাতেই ভারতের প্রতিদ্বন্দ্বীকে হারতে দেখলাম কুস্তিতে। দাবা অলিম্পিয়াডেও ওদের কাছে হারতে হয়। ফুটবলে তাদের কাছে পাঁচ গোল খাওয়ার নজিরও আছে। তাদের মগজ যে নেহাত ফেলনা নয়, তা বেশ বোঝা যায় বিভিন্ন মুহূর্তে মস্তিষ্কের প্রয়োগ দেখে। গড় আই কিউ বা বুদ্ধ্যঙ্কের খতিয়ান দেখে তো চক্ষু চড়কগাছ! উজবেকরা এগিয়ে আছে ভারতীয়দের থেকে। অ্যাভারেজ ভারতীয়র আইকিউ যখন ৮১, তখন উজবেকদের ৮৬! তাহলে বোকা কারা? বাঙালি তো নিজেই উজবুক বনে গেল।

ব্যুৎপত্তি ও অর্থের ব্যাপারে আসা এবার। জ্ঞানেন্দ্রমোহন দাসের 'বাঙ্গালা ভাষার অভিধান'-এ উজবুক, উজবক এন্ট্রিতে লেখা হয়েছে, [তুর্কী°=উজবক্=তাতারদিগের একজাতি। উচ্চারণবিকারে উজবেগ্। বি, তাতারীয় জাতিবিশেষ। ২. উজবকজাতীয় সৈন্য। উদ্ধৃতি দিয়েছেন, 'যবন কিরাত শক আগুদলে উজবক, খোরাসানি মোগল পাঠান(কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩. বিশেষণ, তাদের মত অশিক্ষিত এবং আড়বুজো; নির্বোধ; আহাম্মক। সুভাষ ভট্টাচার্য সম্পাদিত সংসদ বাংলা অভিধানে পাচ্ছি, উজবুক,(অপ্র) উজবক বিণ. মূর্খ; আহাম্মক; [উজবুকের মত আবরণ(মুদ্রণপ্রমাদ, আচরণ হবে)]। তুর. উজবেগ। সংসদ অভিধানে কীভাবে যে সংস্করণের পর সংস্করণে আবরণ থেকে যাচ্ছে আচরণের জায়গায়, তা প্রকাশক বলতে পারবেন।

অশোক মুখোপাধ্যায় প্রণীত 'সমার্থশব্দকোষ'-এ উজবুক এর প্রতিশব্দগুলি হলো, 'অজবুক, বোকা, নির্বোধ, অবুদ্ধি, অবুদ্ধিমান, অবিচক্ষণ, নির্বুদ্ধি, বুদ্ধিহীন, মতিহীন, আহাম্মক, অচতুর, অকাট, আকাট, অগা, গবেট, নিরেট, বোকারাম, বোকাকান্ত, অগারাম, অগাচণ্ডী, অগামারা, হাঁদারাম, হাঁদাগঙ্গারাম, মাথামোটা, মোটামাথা, স্থূলবুদ্ধি, ভোঁতাবুদ্ধি, ডাব, ভেড়ুয়া, ভোঁদা, ভোম, ভোমা, ভেকুয়া, গাবর, গালোড়িত, নাবড়, নাদান, ল্যালা; অলবড্ডে।'

তাহলে বোঝা যাচ্ছে, কারও বুদ্ধিহীনতা মানুষকে কতখানি বিরক্ত করে, গাদা গাদা চোখা চোখা শব্দ সেই হাঁদামক্কাল তথা বোকার দিকে ধাবিত হয়!

সুশীলকুমার দের 'বাংলা প্রবাদ' বইয়ে উজবুক দিয়ে কোনও প্রবাদ নেই। শব্দটি যে বাংলা বাগধারায় ধর্তব্যের মধ্যেই আসেনি, এটা ভেবেই অবাক হতে হয়। তাহলে কি 'উজবুক'-এর শিকড় প্রবাদের ততটা গভীরে বিস্তৃত নয়?

রাজশেখর বসুর চলন্তিকা-য় পাচ্ছি উজবুক। যথারীতি বলা হয়েছে তুর্কী উজবেক থেকে আসছে, উজবেক বোঝাতে তাতারজাতির উল্লেখ করা হয়েছে। জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান জানাচ্ছে, শব্দটির ব্যুৎপত্তি তুর্কী 'উজবেক' থেকে।

বস্তুত কোনও প্রামাণ্য অভিধানেই উজবুক শব্দটি তুর্কি 'উজবেক' থেকে আগত বলা ছাড়া আর কোনও ব্যুৎপত্তি দেওয়া হয়নি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চেনা বামুনের লাগে না, কোথা থেকে এসেছে 'পৈতে' শব্দটি?

Bengali Vocabulary: চেনা বামুনের যে পইতার দরকার নেই, তা সকলেই জানি, তবে চেনা শব্দের পইতার দরকার আছে কি?

হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের 'বঙ্গীয় শব্দকোষ'-এ পাই উজবুক এবং অজবুক, এই দুটি এন্ট্রি। উজবুক বিষয়ে লেখা হয়েছে, [তুর্কী উজবক্; English uzbeg, usbeg (Century Dictionary) ; uzbeg – a member of the Turkish family of Tartars in Turkistan &–Davidson] ১ তাতারের জাতিবিশেষ, তজ্জাতীয় সৈন্য, 'যবন কিরাত শক, আগুদলে উজবক' (কবিকঙ্কণ) ২ (সাদৃশ্যে) অসভ্য, মূর্খ, আনাড়ি, উজবুক।

'অজবুক' বিষয়ে লেখা হয়েছে, বিং [তুর্কী উজবক্] মূর্খ, আনাড়ী, বেকুফ। "ওরা যে আমাদের অসভ্য অজবুক মনে করে যাবে"(ঘরে বাইরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। "তোর সোয়ামী নাকি অজবুক হয়েছেন, তাই এমন কাজ ছেড়ে দিচ্ছেন"(সাবাস আটাশ- অমৃতগ্রন্থাবলী)।

সুবলচন্দ্র মিত্র তাঁর 'সরল বাঙ্গালা অভিধান'-এ কিন্তু গতানুগতিক রাস্তায় হাঁটেননি। 'উজবুক' শব্দটির ব্যুৎপত্তিতে তিনি উজবেকিস্তানের তত্ত্ব দেননি। শব্দটিকে 'বাংলা প্রচলিত' বলে উল্লেখ করেছেন।

অজবুক শব্দটি অশোক মুখোপাধ্যায়ের 'সমার্থশব্দকোষ' ও হরিচরণ মুখোপাধ্যায়ের 'বঙ্গীয় শব্দকোষ'-এ উল্লিখিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর 'ঘরেবাইরে' উপন্যাসে অজবুক শব্দটিই ব্যবহার করেছেন, উজবুক নয়। উজবুক শব্দটি কি আদতে ছিল অজবুক? এই অজবুক নিয়ে ভাবতে ভাবতে 'অজমূর্খ' শব্দটি মনে স্ট্রাইক করল। তাহলে অজমূর্খ কি কোনও সময় 'অজবোকা' হয়ে গিয়েছিল? মানে নিরেট বোকা, আসল বোকা! অজ শব্দটি তো আদ্য থেকে জাত। বঙ্গীয় শব্দকোষে পাই, সং আদ্য > প্রা. অজ্জ > বা অজ। মানে আদি, আদৎ, খাঁটি, আসল। প্রয়োগ দৃষ্টান্ত,

অজ পাড়া-গাঁ, অজ চাষা, অজ বঞ্জর (পতিত জমি), অজ মূর্খ ইত্যাদি।

অজবোকা > অজবুকা > অজবুক > উজবুক?

এইভাবেই এসেছিল উজবুক?

এবং তাকেই আমরা উচ্চারণ-সাদৃশ্যের জন্য 'উজবেক' থেকে আগত বলে ভেবেছি এতদিন? হতেই পারে। অভিধানকাররা যা-ই বলুন না কেন এতদিন।

অজবোকা শব্দটি অভিধানে পাইনি। কিন্তু সাহিত্যে প্রয়োগ আছে। আমি অন্তত দু'জায়গায় পেয়েছি 'অজবোকা' শব্দটি। ১৩৪৪ সালে প্রবাসী পত্রিকায় বিভূতিভূষণ গুপ্ত রচিত 'অভাবনীয়' নামক ছোটগল্পে 'অজবোকা' শব্দটি পাওয়া গেছে। চলিত ভাষায় লিখিত এই সাবলীল গল্পটি থেকে একটু উদ্ধৃতি দেওয়া অপ্রাসঙ্গিক হবে না।

লক্ষ্মী একটু উষ্ণ হয়ে উঠল, 'ওকে নিয়ে কোথাও যেতে আমাদের লজ্জা করে। না-আছে কথার ছিরি, না-আছে চলবার ছিরি, একেবারে অজবোকা। মিথ্যে ওকে নিয়ে ঝঞ্ঝাট বাড়াবেন না।'

তাহলে, বাংলাভাষায় 'অজবোকা' শব্দটি একসময় চালু শব্দ ছিল। অজমূর্খ শব্দটি ব্যবহৃত হয় বিভিন্ন লেখকের লেখায়, 'অজবোকা' কিন্তু আর ব্যবহার হতে দেখি না। সে জায়গাটি দখল করেছে উজবুক শব্দটি।

শুধু বিভূতিভূষণ গুপ্তর ছোটগল্পেই নয়, 'অজবোকা' শব্দটি পাই ১২৮৬ সালে রচিত দুর্গাচরণ রায়ের 'পাশকরা ছেলে' নাটকে। সেখানে দেখি একটি চরিত্রের মুখে সংলাপ, '... দেশের সব লোকগুলাই বোকা, অজবোকা।...'

তাহলে সত্তর-আশি বছর আগেও অজবোকা বাংলায় চালু শব্দ ছিল। তারপর কোনও একসময় অজবোকা অজবুক হয়ে উজবুক-এ পরিণত হল। আমরাও উজবুকের মত শব্দটিকে উজবেকিস্তানের অধিবাসী উজবেক-এর সঙ্গে গুলিয়ে ফেললাম। সুবলচন্দ্র মিত্র ছাড়া কোনও অভিধানপ্রণেতাই অন্য কিছু বলার সাহস পাননি। যদিও তিনিও মিসিং লিঙ্কটা ধরতে পারেননি।

যা হোক, এটাই স্বস্তির কথা যে ভুলটা ধরা পড়ল শেষ পর্যন্ত। বাঙালি অভিধানপ্রণেতাদের নাকানিচোবানি খাইয়ে ছেড়েছে 'উজবুক' শব্দটি। তবে ঠান্ডা মাথায় চিন্তা করলে 'অজবোকা' শব্দটি ধরতে পারতেন তাঁরা। অজমূর্খ শব্দটি তো হাতের কাছেই ছিল। কিন্তু গালভরা উজবেক-তত্ত্বকে তাঁরা উপেক্ষা করতে পারেননি। আমার কোনওকিছু হারানোর ভয় নেই। তাই সপাটে ব্যাট চালাই। যদি সত্যিটা ধরা যায়। প্রহেলিকার যবনিকাপাত করা যায়! বেটার লেট দ্যান নেভার!

লিখেছেন
Asit Das
Asit Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।