সেদিন রবি ঠাকুর মঞ্চ ছাড়তেই হইহই শুরু হয়েছিল

Valmiki Pratibha Rabindranath Tagore: দেখলাম, দস্যুপতি বাল্মীকির বেশে কবির প্রবেশ – লম্বা জোব্বা পরা, গলায় শঙ্খ ঝুলছে – ডাকাত ডাকবার।

inscript
৬ মিনিট
সেদিন রবি ঠাকুর মঞ্চ ছাড়তেই হইহই শুরু হয়েছিল

আভিধানিক হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে রবীন্দ্রনাথ শব্দাম্বুধি উপাধিতে ভূষিত করেন। তাঁর চার দশকের কর্মিষ্ঠ সাধনার ফলই বঙ্গীয় শব্দকোষ। স্বয়ং রবীন্দ্রনাথই এই পর্বত গ্রন্থণের জন্য মহারাজা মণীন্দ্রচন্দ্রের কাছ থেকে তাঁকে প্রয়োজনীয় বৃত্তির ব্যবস্থা করে দেন। পতিসরে ঠাকুরবাড়ির জমিদারির তদারকির কাজ থেকে তাঁকে শান্তিনিকেতনে শিক্ষক পদে নিয়োগ করেন তিনিই। একান্ত আলাপে রবীন্দ্রনাথ তাঁর অভিপ্রায় জানান – "বাংলায় ভাল অভিধান নাই। তোমাকে সময়োপযোগী একখানি বাংলা অভিধান লিখতে হবে।" এই আদেশ শিরোধার্য করেই আনুমানিক ১৩১২ সনে হরিচরণ অভিধান রচনা শুরু করেন। তখন তাঁর বয়স ওই ৩৭-৩৮। অভিধান রচনার কাজ শেষ হয় ১৩৩০ বঙ্গাব্দে! অভিধান লেখা শেষ হলেও তখনই তা ছাপার সামর্থ্য বিশ্বভারতীর ছিল না। বেশ কয়েক বছর অপেক্ষা করতে হয় হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে। এমন বিপুল কাজ, এই পরিমাণ শ্রম ও নিষ্ঠায় লিপিবদ্ধ করে যাওয়ার কাজটি একাই করেছিলেন তিনি, দীর্ঘ দীর্ঘ বছরের নিবিড় সাধনায়! অনেক ছোটবেলা থেকেই জোড়াসাঁকোতে যাতায়াত ছিল তাঁর, দাদার সুবাদে। সেই জোড়াসাঁকোতেই হরিচরণ দেখেছিলেন কবির অভিনয়! বাল্মীকি প্রতিভার শেষ অভিনয় ছিল সেটিই। রবীন্দ্রনাথের প্রথম অভিনয় দেখার স্মৃতিচারণ পুনর্মুদ্রিত হলো ইনস্ক্রিপ্টের রবিবারের রোয়াকের এই পর্বে।

বাল্মীকির ভূমিকায় রবীন্দ্রনাথ

হরিচরণ বন্দ্যোপাধ্যায়

অবনীন্দ্রনাথের ‘ঘরোয়া’য় দেখা যায়, কবির ‘বাল্মীকি প্রতিভা’ জোড়াসাঁকোর বাড়িতে মধ্যে মধ্যে অভিনীত হত, সুতরাং এর অনেকবার অভিনয় হয়েছে; এর মধ্যে শেষ অভিনয় আমার প্রবন্ধের বিষয়।

আমার বয়স তখন ১৫-১৬ বছর – পাড়াগাঁয়ের স্কুলে পড়তাম – গ্রীষ্মের ও শীতের ছুটিতে কলকাতায় আসতাম। আমার বড়দাদা মহর্ষিদেবের সংসারে খাজাঞ্চি ছিলেন – কলকাতায় তাঁর বাসায় থাকতাম, কিন্তু আমার অধিকাংশ সময়ই তাঁর অফিসে কাটত। তাঁর কাছে কবির অনেক কথা শুনতে পেতাম। একবার শীতের ছুটিতে কলকাতায় এসেছি – বড়দাদার কাছে শুনলাম, বাবুদের বাড়িতে ‘বাল্মীকি প্রতিভা’র অভিনয় হবে – খুব ধুমধাম – প্রত্যহই রিহার্সাল হচ্ছে। কবির কলকণ্ঠের গানের ভূয়সী প্রশংসা আগেই লোকের মুখে মুখে শুনেছিলাম – শ্রবণপ্রত্যক্ষ করার ভাগ্য কখনও হয়নি। তাই অভিনয়ের কথা শুনে বড় আনন্দ হল। তখন বড়দাদা বললেন, “দুদিন অভিনয় হবে – প্রথম দিন সাহেব-সুবো, কলকাতার বড় বড় গণ্যমান্য লোক অভিনয় দেখবেন – পর দিনের অভিনয় সাধারণের জন্য, সে দিন তুমি গেলে দেখতে পাবে”। আমি সেই আশায়ই থাকলাম।

বাড়িতে এই শেষ ‘বাল্মীকি প্রতিভা’র অভিনয়ে খুব ধুমধামই হয়েছিল সত্য। এর পরে শান্তিনিকেতনে কবির উদ্যোগে মাঝে মাঝে ছাত্র-ছাত্রীদের এই নাটকের অভিনয় দেখেছি, কিন্তু তাঁর সঙ্গে এ সব অভিনয়ের তুলনাই হয় না। তখন লর্ড ল্যান্স ডাউন বড়লাট। ‘ঘরোয়া’য় দেখা যায়, মহর্ষিদেব এই অভিনয়ের মূল কারণ, তাঁর কি খেয়াল হয়েছিল, লেডী ল্যান্স ডাউনকে পার্টি দেবেন, তাই তাঁর হুকুম ‘বাল্মীকি প্রতিভা’র অভিনয় হবে। শ্রীমতী ইন্দিরা দেবীর (রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী) নিকট শুনেছি, সত্যেন্দ্রনাথ এক বার যখন বিলাত থেকে আসেন, সেই সময়ে সেই জাহাজে লেডী ল্যান্স ডাউন যাত্রী ছিলেন। কথোপকথন প্রসঙ্গে সত্যেন্দ্রনাথ লেডী ল্যান্স ডাউনকে জোড়াসাঁকোর বাড়িতে আহ্বান করার কথা উত্থাপন করেন। বোধ হয় এ কথা ক্রমে ক্রমে মহর্ষিদেবের কানে উঠেছিল, তাই তাঁর এরূপ খেয়াল। মূল কারণ যাই হোক, এইবার ‘বাল্মীকি প্রতিভা’র অভিনয় সর্ববিলক্ষণ – খুব জাঁকজমক হয়েছিল। অর্ধচন্দ্রাকারে নির্মিত রঙ্গমঞ্চের সুশোভন সজ্জা – নাটকীয় দৃশ্যপটে স্বভাবের অনুকরণে বনের নিখুঁত পরিপাটি – দস্যুদলপতি ও দস্যুদের অনুরূপ পোশাক পরিচ্ছদ, কবির দস্যুপতি বাল্মীকির সাজ, - আর আর অভিনেতা অভিনেত্রী, সকলেরই পাত্রোচিত বেশভূষা – সবই বেশ মনোমোহকর হয়েছিল – তাই বলি, এ অভিনয় সর্ববিলক্ষণ।

বড়দাদার সঙ্গে আমি অভিনয় দেখতে গেলাম। বাড়ির মধ্যে যে বিস্তৃত আঙিনা, দেখলাম তা শ্রেণীবদ্ধভাবে উপবিষ্ট দর্শকে পরিপূর্ণ – মাথায় মাথায় লাগালাগি – মাথায় মাথায় মাথাময় – ন স্থানং তিলধারণে। আঙিনার উত্তরে দালান – তার বারান্দায় কোন প্রকারে একটু স্থান হল। দূর হলেও সেখান থেকে রঙ্গমঞ্চ বেশ দেখা যাচ্ছিল। নাটক আরম্ভ হল। প্রথমে বনদেবীর নৃত্য – পরে দস্যুদলের আবির্ভাব। ..... আমি এসব দেখছিলাম বটে, কিন্তু মনে একটা কথা সর্বদাই জাগছিল – সেটা কবির কথা, কতক্ষণে বাল্মীকির বেশে কবিকে দেখব – কখন তাঁর কলকণ্ঠের গান শুনতে পাব। অত্যন্ত ঔৎসুক্য – তখন দেখলাম, দস্যুপতি বাল্মীকির বেশে কবির প্রবেশ – লম্বা জোব্বা পরা, গলায় শঙ্খ ঝুলছে – ডাকাত ডাকবার। একে কবির সহজ মনোমোহন রূপ, তাতে যৌবনের ললিত লাবণ্যচ্ছটা, অনুকূল পোশাক পরিচ্ছদে সৌষ্ঠবসম্পন্ন – তাতে আবার রঙ্গমঞ্চের পরিস্ফুট আলোকপ্রভা প্রতিভাত – সে সৌন্দর্য আরও মনোমোহকর হয়েছে। দর্শকেরা কবির সেই বাল্মীকি বেশ দেখে চিত্রার্পিতের মত নিস্পন্দ নির্বাক নির্নিমেষনেত্র। তখন কবির কলকণ্ঠে সঙ্গীত শোনা গেল – কবি গাইলেন,

‘এক ডোরে বাঁধা আছি মোরা সকলে।

না মানি বারণ, না মানি শাসন, না মানি কাহারে।।

কে বা রাজা, কার রাজ্য, মোরা কি জানি?

প্রতি জনেই রাজা মোরা, বনই রাজধানী’!ইত্যাদি।

এর পরে বাল্মীকির প্রস্থান। তার পরে, দৃশ্য কালী প্রতিমা – বাল্মীকির স্তবগান,

‘রাঙা পদ পদ্মযুগে প্রনমি গো ভবদারা।

আজি এ ঘোর নিশীথে পূজিব তোমারে তারা।।

সুরনর থরহর – ব্রহ্মাণ্ড বিপ্লব কর,

রণরঙ্গে মাতো মা গো, ঘোর উন্মাদিনী পারা’। ইত্যাদি

একে মধুর কণ্ঠ, তাতে সময়োপযোগী বাগেশ্রী রাগিণীর সুরে ছন্দোবন্ধনে – সেই স্তুতিগীতি স্বরসম্পদে সম্পূর্ণ হয়ে আসর একেবারে মাত করে ফেললে! গান গাওয়া শেষ হলো – বাল্মীকি নেপথ্যের অভিমুখ হলেই, দর্শকদের মধ্যে মহাকোলাহল উঠলো – ‘এনকোর’ ‘এনকোর’! সকলেই কবির সেই এক ফেরতা গান শুনে তৃপ্তি লাভ করতে পারেন নি, আবার শোনবার জন্যে সমুৎসুক! কবি কি করবেন – আবার ফিরলেন – গানের পূর্ববৎ আমুল পুনরাবৃত্তি হল – কবি নেপথ্যে অন্তর্হিত হলেন। আর ‘এনকোর’ হল না, কিন্তু সকলে অতৃপ্ত না হলেও, সুতৃপ্ত হওয়ার ভাব মুখে দেখা গেল না – আমি সামান্য শ্রোতা – দর্শক, আমার কথা কি বলবো! এর পরে সরস্বতীর আবির্ভাবে তদগতচিত্ত কবির রামপ্রসাদী সুরের শ্যামাসঙ্গীত,

‘শ্যামা এবার ছেড়ে চলেছি মা!

পাষাণের মেয়ে পাষাণী, না বুঝে মা বলেছি মা!

এতদিন কি ছল করে তুই, পাষাণ করে রেখেছিলি,

(আজ) আপন মায়ের দেখা পেয়ে, নয়ন জলে গলেছি মা’।

ইত্যাদি।

মধুর প্রসাদী সুর সহজেই শ্যামা সঙ্গীতের অনুকূল – তাতে কবির মধুর কণ্ঠে আরও মধুরতর হয়ে সঙ্গীত সর্বাঙ্গ সুন্দর হয়েছিল। সে সময়ে এই দুটি গানের সুর আমার কানে এমন মিষ্টি লেগেছিল যে, তা বলবার নয়, অনুভবেরই বিষয়। ‘বাল্মীকি প্রতিভা’ অভিনয়ের কথা শুনলেই, এখনও কবিকণ্ঠে গীত এই দুটি গানের সুরের অনুরণন আগেই কানে বেজে ওঠে – সে এক কেমন মদিরভাবমাখা সুর!

‘রিমঝিম ঘন ঘনরে বরষে’ ইত্যাদি বর্ষণের গানের সময়ে রঙ্গমঞ্চে বৃষ্টিধারাপাত ক্ষণপ্রভা বিদ্যুতের ক্ষণপ্রভা বজ্রের কড়-কড় ঘোর শব্দ – মেঘাড়ম্বরে গড়গড় গম্ভীর গর্জনে বর্ষার মূর্তি, অনুকরণের সৌষ্ঠবে যেন স্বাভাবিক বলে বোধ হয়েছিল। ‘ঘরোয়া’য় দেখি, সাহেব-মেমরা এই দৃশ্যে স্বাভাবিকের অনুকরণ পটুতায় বড় খুশি হয়েছিলেন – হাততালির পর হাততালি পড়েছিল। এদিনও বর্ষার দৃশ্য অঙ্গহীন হয়েছিল বলে মনে হয় না, এর পরে ক্রৌঞ্চমিথুনের পালা – ব্যাধশরে ক্রৌঞ্চবধ – ক্রৌঞ্চীর করুণ বিলাপে করুনবেদী বাল্মীকির কণ্ঠ হতে ক্রৌঞ্চীশোকে অতর্কিতভাবে শ্লোকের উচ্চারণ – ‘মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতীঃ সমাঃ।....

এর পরে সরস্বতীর আবির্ভাব, পরের দৃশ্যে লক্ষ্মী আবির্ভূতা – লক্ষ্মীর পরীক্ষা। ইন্দিরা দেবী মূর্তিমতী ইন্দিরা হয়েছিলেন। ধনরত্নরাশি ধুলিরাশিভূত ভারতীগত চিত্ত বাল্মীকি কবি বীতস্পৃহ, পরীক্ষায় উত্তীর্ণ – অনাদৃতা লক্ষ্মীর তিরোভাব, তাই কবিকণ্ঠে কমলার বিদায়ের গান,

‘দেবী গো, চাহি না চাহি না, মণিময় ধুলারাশি চাহি না,

তাহা লয়ে সুখী যারা হয় হোক, - হয় হোক –

আমি দেবী, সে সুখ চাহি না!

যাও লক্ষ্মী অলকায়, যাও লক্ষ্মী অমরায়,

এ বনে এস না এস না,

এস না এ দীন জন কুটীরে!

যে বীনা শুনেছি কানে, মন প্রান আছে ভোর,

আর কিছু চাহি না চাহি না!

এইবার শেষ দৃশ্য – বিদায় সমাদর – প্রিয়তম বরপুত্রকে বর দিতে সরস্বতীর বর দিতে সরস্বতীর পটভূমিকায় আবির্ভাব! দেবী সর্বশুক্লা – শুক্লবর্ণ – শুক্ল বাস – শুক্ল হাস – শুক্ল পদ্মে সমাসীনা – শুক্ল হস্তে তুষারসারশুভ্র শুক্ল বীণা – সর্বাঙ্গ শুক্ল পরিচ্ছদে আচ্ছাদিত – কেবল বীণার তারে সংলগ্ন বাঁ হাতের শুক্ল বাঁকা আঙুলগুলি অবধি কনুই পর্যন্ত সুস্পষ্ট দেখা যাচ্ছিল – যেন ভুজাকারে কোঁদা তুষারদণ্ড, ডান হাত বীণার অন্তরালে – তত সুস্পষ্ট নয়। দূরে ছিলাম – বোধ হল, যেন মৃন্ময়ী সরস্বতী প্রতিমা! অনির্বাচনীয় শোভা! সরস্বতী পদ্মাসন থেকে উঠলেন, হাতের বীণা বাল্মীকির হাতে দিলেন, বললেন,

‘আমি বীণাপাণি, তোরে এসেছি শিখাতে গান,

তোর গানে গলে যাবে সহস্র পাষাণপ্রাণ!

যে রাগিণী শুনে তোর গলেছে কঠোর মন,

সে রাগিণী তোর কণ্ঠে বাজিবে রে অনুক্ষণ।

বসি তোর পদতলে কবি বালকেরা যত,

শুনি তোর কণ্ঠস্বর শিখিবে সঙ্গীত কত।

এই যে আমার বীণা, দিনু তোরে উপহার,

যে গান গাহিতে সাধ, ধ্বনিবে ইহার তার’!

বীণাপাণির শুভক্ষণে উচ্চারিত এই বরবাণী বরপুত্র কবির জীবনে সত্যসত্যই বর্ণে বর্ণে সার্থক হয়েছিল’!

এই প্রবন্ধে ‘বাল্মীকি প্রতিভা’র যে সব দৃশ্য বর্ণনা করলাম তাহা আমার প্রত্যক্ষ। দেখার পরে প্রায় ৬০ বৎসর অতীত হয়েছে, সব মনে না থাকা আশ্চর্যের বিষয় নয়। যে কয়টি দৃশ্য মনে ছিল, তাহাই লিখলাম – পর পর বিষয়গুলির বর্ণনার কোন অভিপ্রায় নাই।

মূল বানান অপরিবর্তিত রাখা হলো

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।