প্রথম শোনা গেল ১৯৬২-র রেকর্ডিং, যেভাবে বারবার বদলেছে 'মহিষাসুরমর্দিনী'

Mahisashuramardini: ১৯৬২-তে আকাশবাণী-তে মহিষাসুরমর্দিনীর কোনও রেকর্ডিং হয়েছিল বলে এ-যাবৎ আমাদের জানা ছিল না। আজকের সম্প্রচারিত রেকর্ডিংটি সেই দিক থেকে এই অনুষ্ঠানের প্রথম ধ্বনিমুদ্রণ।

Rajib Chakrabarty
৪ মিনিট
প্রথম শোনা গেল ১৯৬২-র রেকর্ডিং, যেভাবে বারবার বদলেছে 'মহিষাসুরমর্দিনী'

'মহিষাসুরমর্দ্দিনী' (বর্তমানে অবশ্য মহিষাসুরমর্দিনী) বাংলা ১৩৩৯ সালের (১৯৩২ খ্রিস্টাব্দ) আশ্বিন মাসে দুর্গাষষ্ঠীর ভোরে প্রথম প্রচারিত হয় কলকাতা বেতার থেকে। আক্ষরিক অর্থে এই অনুষ্ঠান তৈরি হয়ে উঠতে পেরেছিল তিনজন মানুষের মেধা, ভালবাসা, উদ্যম আর দূরদৃষ্টিকে হাতিয়ার করে। কীভাবে তৈরি হয়ে উঠেছিল এমন একটি জনচিত্তহারী অনুষ্ঠান? মহিষাসুরমর্দিনী-র পশ্চাৎপট একটু দেখে নেওয়া যাক এই সুযোগে।

গত শতাব্দী আমাদের সভ্যতাকে যে-সমস্ত উপহার দিয়েছে, তার মধ্যে সমাজের মধ্যবিত্ত শ্রেণির জন্য অন্যতম দু'টি গুরুত্বপূর্ণ উপহার হলো ধ্বনিমুদ্রণের প্রযুক্তির আবিষ্কার (গ্রামোফোন রেকর্ডের আবিষ্কার) এবং ইথার তরঙ্গের মাধ্যমে শব্দকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া (বেতার যন্ত্রের আবিষ্কার)। গ্রামোফোন রেকর্ড ভারতের শ্রোতার কাছে পৌঁছতে শুরু করে ১৯০০ সালের আশপাশে। আর ১৯২৭ সালের ২৬ অগাস্ট কলকাতায় ভারতের প্রথম নিয়মিত বেতারকেন্দ্র গড়ে ওঠে (অবশ্য কলকাতায় প্রথম সফলভাবে বেতার সম্প্রচার প্রদর্শন করেন আচার্য জগদীশচন্দ্র বসু ১৮৯৫ সালে)। শুরুতে নাম ছিল ‘ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি’— ১৯৩০-এ সে নাম বদলে হয় ‘ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস’, ১৯৩৬-এ ‘অল ইন্ডিয়া রেডিয়ো’। এই দুই মাধ্যমের হাত ধরে সংস্কৃতির এক রকমের গণতন্ত্রীকরণ ঘটল— মধ্যবিত্তর হাতের নাগালে চলে এল মনোরঞ্জন এবং বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগের বিরাট সুযোগ।

বেতার পরিষেবা চালু হওয়ার সঙ্গে সঙ্গেই একগুচ্ছ উৎসাহী তরুণ কলকাতা বেতারে এসে জড়ো হন। বেতারকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তোলার জন্য সেই তরুণদের উৎসাহ এবং উদ্দীপনায় শুরুর সেই দিনগুলোতে বেতারের বিস্তার ঘটে। নানা রকমের নতুন নতুন অনুষ্ঠানের পরিকল্পনা সেদিনের সেই তরুণদের সৃষ্টিশীলতাকে পল্লবিত করেছিল। সে-সময়ে বেতারে জড়ো হয়েছিলেন বাণীকুমার (বৈদ্যনাথ ভট্টাচার্য), প্রেমাঙ্কুর আতর্থী, নলিনীকান্ত সরকার, রাইচাঁদ বড়াল, যোগেশ বসু (গল্পদাদা), নৃপেন্দ্র মজুমদার, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, রাজেন সেন, সাগিরুদ্দিন খাঁর মতো আরও অনেকে। এরই পাশাপাশি ১৯২৯ সালের ২৭ সেপ্টেম্বর থেকে কলকাতা বেতারের মুখপত্র 'বেতার জগৎ' প্রকাশিত হতে শুরু করে (যদিও কেউ কেউ ১২ সেপ্টেম্বরকেই বেতার জগৎ-এর প্রথম প্রকাশের দিন বলে ধরেন)।

ছবি সৌজন্য: লেখক

আকাশবাণী না থাকলে মহিষাসুরমর্দিনী-র জন্ম হতো না সম্ভবত। এই প্রসঙ্গে এই অনুষ্ঠানের জনয়িতা বাণীকুমারের লেখা থেকে সামান্য উদ্ধৃতি দিলে মন্দ হবে না—

এই ‘মহিষাসুরমর্দিনী’র উৎপত্তি ও প্রচার কলিকাতা বেতার-প্রতিষ্ঠান আকাশবাণীতে। এই সর্বজন-নন্দিত অনুষ্ঠান ‘মহিষাসুরমর্দিনী’ কলিকাতা বেতারের শ্রেষ্ঠ অর্ঘ্য।

বাণীকুমার লিখছেন—

সে-সময়ে (ইণ্ডিয়ান্‌ স্টেট্‌ ব্রড্‌কাস্টিং সার্ভিস্‌) নামে খ্যাত কলিকাতা বেতার-প্রতিষ্ঠানের জেগে উঠেছে জনচিত্তের ’পরে আকর্ষণী-শক্তি সবিশেষ বিস্তার করবার অদম্য উৎসাহ...এরি ফলে জন্ম নিল...‘বেতার-বিচিত্রা’। সেই সূত্রে শ্রীশ্রীমার্কণ্ডেয়-চণ্ডীর বিষয়বস্তুর উপর ভিত্তি ক’রে ‘বসন্তেশ্বরী’ নামে একটী চম্পূ রচনা করি, ১৩৩৮ বঙ্গাব্দ।...এই অনুষ্ঠানটিই ‘মহিষাসুরমর্দিনী’-পরিকল্পনার উৎস।

বসন্তেশ্বরী সম্প্রচারিত হয় ১৩৩৮-এর “চৈত্রের শুক্লা অষ্টমীর প্রভাতে (বাসন্তী ও অন্নপূর্ণাপূজার অনুষ্ঠান-সন্ধিক্ষণে)”। ১৩৩৯-এ “সংস্কৃত রূপকের অন্তর্গত ‘বীথী’" (বা oratorio) নাট্যরচনাশৈলী অনুসরণে নবভাবে ‘মহিষাসুরমর্দিনী’ প্রণয়ন” করেন বাণীকুমার। ১৩৩৯-এর আশ্বিন মাসে “দেবীপক্ষে শুভ ষষ্ঠীর প্রত্যূষে” কলকাতা বেতারে এই অনুষ্ঠান সম্প্রচারিত হয় প্রথম বার। শুরুতে অবশ্য মহিষাসুরমর্দিনী নামে সে অনুষ্ঠান হয়নি। ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর প্রকাশিত 'বেতার জগৎ'-এর সূচনা পৃষ্ঠায় ঘোষণা করা হচ্ছে—

আগামী ১৯শে সেপ্টেম্বর মঙ্গলবারে মহালয়া। সে দিন সকাল ছ’টা থেকে সাতটা পর্য্যন্ত এক ঘণ্টা কাল প্রত্যূষ প্রোগ্রামের জন্য নির্দিষ্ট হ’য়েছে। এই এক ঘণ্টা কাল জগন্মাতার বন্দনা-গানে মুখরিত হ’য়ে উঠ্‌বে।

অর্থাৎ, ১৯৩৩-এও মহিষাসুরমর্দিনী নামটি এই বীথী রচনার সঙ্গে ওতপ্রোত হয়নি।

ছবি সৌজন্য: লেখক

১৯৩৬-এর ১৬ অক্টোবর প্রকাশিত 'বেতার জগৎ'-এ 'মহিষাসুর বধ' নামে অনুষ্ঠানটি তালিকাবদ্ধ হয়েছিল। সম্ভবত ১৯৩৭ সাল থেকে মহিষাসুরমর্দিনী নামেই অনুষ্ঠানটি প্রচারিত হতে থাকে‌।

১৯৫৯ সালে (ভাদ্র, ১৩৬৬) মহিষাসুরমর্দিনীর একটি মুদ্রিত পাঠ আমাদের হাতে আসে অধুনালুপ্ত ত্রিগুণা প্রকাশনীর মাধ্যমে। সে সময় মহিষাসুরমর্দিনীর ত্রয়ী বাণীকুমার, পঙ্কজকুমার এবং বীরেন্দ্রকৃষ্ণ জীবিত। কাজেই সেই পাঠটিই অদ্যাবধি প্রকাশিত একমাত্র অনুমোদিত (authorized) পাঠ হিসেবে ধরা যেতে পারে। ১৯৫৯ সালে প্রকাশিত মহিষাসুরমর্দিনীর বাণীকুমার লিখিত 'উপক্রমণিকা'-য় রয়েছে—

বৎসরে বৎসরে না হোক—এই গ্রন্থকে নানাভাবে সমৃদ্ধ করার আগ্রহে আমি বিবিধ বিষয়, স্তব-স্তুতি, দেবীসূক্ত, নব-রচিত গান-সন্নিবেশ করেছি। অন্তত ছয়-সাত বার এই রচনার পরিবর্তন সাধিত হয়েছে।

বেতার জগৎ, ৪.২৫ (৮ সেপ্টেম্বর ১৯৩৩), পৃ. ৮৯৮। ছবি সৌজন্য: লেখক

১৯৫৯-এর পরেও কি এই পরিবর্তনের ধারা বজায় থাকেনি? এই উত্তর পাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য রাস্তা হল আকাশবাণী থেকে প্রচারিত অনুষ্ঠানের রেকর্ডিংগুলোকে তুলনা করে দেখা। মহিষাসুরমর্দিনীর যে রূপটির সঙ্গে আমরা ১৯৭৩-২০১৭ পর্যন্ত পরিচিত ছিলাম সেটি ১৯৭৩ সালে রেকর্ড করা— গ্রামোফোন কোম্পানি সেই রেকর্ডের দীর্ঘবাদন সংস্করণ বাজারজাত করে ১৯৭৩ থেকেই। এর আগে ১৯৩২ সাল থেকে ১৯৬২ সাল পর্যন্ত অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হয়েছে আকাশবাণী থেকে— এমনটাই আমাদের জানা ছিল। ১৯৬৩ সালে এই অনুষ্ঠান রেকর্ড করে সম্প্রচার করা হয়। ১৯৬৪ এবং '৬৫-তে '৬৩-র রেকর্ডিংটিই চালানো হয়। ১৯৬৬-তে নতুন করে রেকর্ড করা হয় এই অনুষ্ঠান। ১৯৬৯ সালে আর-একবার রেকর্ড করা হয়। ১৯৭২-এ হয় আরও একটি রেকর্ডিং।

বেতার জগৎ, ৪.২৫ (৮ সেপ্টেম্বর ১৯৩৩), পৃ. ৯২৪। ছবি সৌজন্য: লেখক

আপাতত এই কতগুলো রেকর্ডিং-এর কথাই আমাদের জানা ছিল। ১৯৬২-তে আকাশবাণী-তে মহিষাসুরমর্দিনীর কোনও রেকর্ডিং হয়েছিল বলে এ-যাবৎ আমাদের জানা ছিল না। আজকের সম্প্রচারিত রেকর্ডিংটি সেই দিক থেকে এই অনুষ্ঠানের প্রথম ধ্বনিমুদ্রণ। লাইভ সম্প্রচারে এই অনুষ্ঠানের কী ধরনের পরিবর্তন হয়ে চলেছিল তা আমাদের জানা সম্ভব নয়— অন্তত সে-সময়ের রেকর্ডিং আমাদের হাতে নেই, অনুষ্ঠানের পাণ্ডুলিপিতে তা ধরা থাকলেও আমাদের হাতে সে নথি নেই। কিন্তু আকাশবাণীর মহাফেজ়খানা খুঁড়ে বের করে আনা এই রেকর্ডিংগুলো আমাদের সংস্কৃতিবিদ্যার চর্চায় মূল্যবান সংযোজন হয়ে থাকবে নিঃসন্দেহে। আশা করব, আগামী বছরগুলোতেও এরকম প্রায় হারিয়ে যাওয়া বা না-জানা ধ্বনিমুদ্রণের আবিষ্কার আমাদের চমৎকৃত, আমোদিত করবে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।