ফের ফিরছে মনোরমার স্মৃতি! এ কোন অন্ধকার গাঢ় হচ্ছে মণিপুরে?

Manipur Violence: সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে, মণিপুরের দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ভিডিও। হিংসার এমন ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে কেঁপে উঠেছে গোটা দেশ।

Sohini Das
৫ মিনিট
ফের ফিরছে মনোরমার স্মৃতি! এ কোন অন্ধকার গাঢ় হচ্ছে মণিপুরে?

জাতিহিংসা কি তালিবান শাসনের চেয়েও ভয়ঙ্কর! অন্তত মণিপুরের বর্তমান পরিস্থিতি দেখে এমনটাই মালুম হচ্ছে। গত কয়েকমাস ধরেই জ্বলছে মণিপুর। মৃত্যুর পর মৃত্যু, হিংসার পর হিংসা, তার বদলা নিতে গণধর্ষণ থেকে প্রকাশ্যে মেয়েদের নগ্ন করে হাঁটানো, কী হচ্ছে না সেখানে! আর সেই হিংসার কাঁধে চেপেই বেশ কিছু দিন ধরে খবরের শিরোনামে উত্তর-পূর্বের ছোট্ট রাজ্যটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও। যেখানে জোর করে নগ্ন অবস্থায় জনসমক্ষে হাঁটতে বাধ্য করা হয়েছে দুই মণিপুর কন্যাকে। আর সেই ভিডিও ছড়ানোর পরেই উত্তাল দেশ। জাতি হিংসার নামে যা প্রতিনিয়ত ঘটে চলেছে মণিপুরে, যা কার্যত মানবতার লজ্জা। মে মাসের গোড়া থেকেই সামনে এসেছে একের পর এক হিংসার ঘটনা। শুধু খুনখারাপিই নয়, ছোট্ট রাজ্যটিতে যে ভাবে মেয়েদের উপর অত্যাচার বেড়েছে, তা বোধহয় সবচেয়ে বেশি উদ্বেগের।

এ ছবি অবশ্য নতুন কিছু নয় মাতৃতান্ত্রিক মণিপুরে। বিংশ শতাব্দীর গোড়ার দিকের ঘটনা সেটা। বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে গুলিতে ঝাঁঝড়া হয়ে পড়েছিল ক্ষতবিক্ষত একটি মেয়ের দেহ। একবার নয়, একাধিক বার গুলি চালানোর আগে সেই শরীর হয়ে উঠেছিল সেনাবাহিনীর লালসা চরিতার্থ করার ক্যানভাস। চলে নির্বিচার গণধর্ষণ। তাঁকে ছিঁড়েকুটে রক্তাক্ত করে সেদিন ক্ষমতার আস্ফালন দেখিয়েছিল ভারতীয় সেনা। ২০০৪ সালে সেই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছিল মণিপুর। আসাম রাইফেলসের সদর দফতরে হেঁটে গিয়েছিল তিরিশ জন মধ্যবয়স্কা। নিজেদের পরিচয় দিয়েছিলেন 'মনোরমার মা' বলে। চিৎকার করে বলেছিল, 'ভারতীয় সেনাবাহিনী, আমাদের ধর্ষণ করো।' সেই ছবিই কি ফের ফিরছে মণিপুরে? জাতি হিংসার নামে রাস্তা জুড়ে নগ্ন করে হাঁটানো হল দুই নারীকে। হ্যাঁ, ২০২৩ সালে দাঁড়িয়ে। চলল ধর্ষণ, অকথ্য অত্যাচার। মৌন দেশ। অন্তত এতদিন মৌনই ছিল।

দীর্ঘকাল তালিবানদের নিয়ন্ত্রণে ছিল আফগানিস্তান। মাঝখানে কয়েক বছর স্বস্তি ফিরলেও ফের তালিবান দখল নিয়েছে দেশটির। স্বাভাবিক ভাবেই তালিবান-কবলে ভালো নেই আফগানিস্তানবাসী। একের পর এক বিধিনিষেধ আরোপ হচ্ছে সে দেশের মেয়েদের উপরে। ছিনিয়ে নেওয়া হচ্ছে অধিকার। তবে তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা এখন মণিপুরের মেয়েদের। মেয়েদের শরীর যেন প্রতিহিংসা প্রকাশের অন্যতম ক্যানভাস হয়ে দাঁড়িয়েছে। যখন তখন বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হচ্ছে মেয়েদের। চলছে অবাধ গণধর্ষণ, নিপীড়ন। এমনকী একদল লোকের সামনে সম্পূর্ণ নগ্ন করে ঘোরানো হচ্ছে তাঁদের। সেইসব ভিডিও ছড়িয়ে পড়ছে সোশ্য়াল মিডিয়ায়। গোটা বিশ্ব দেখছে ভারতের একটি রাজ্যের বেআব্রু হিংসার রূপ। নারী নির্যাতনের ভয়াবহ চেহারা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কয়েকশো বছর আগেই লুকিয়েছিল হিংসার বীজ! মণিপুর আদৌ কোনওদিন শান্ত হবে?

Manipur Violence 2023: ইনার লাইন পারমিট সিস্টেম চালু হলে যারা মণিপুরের বাসিন্দা নন তাদের মণিপুরে আসতে গেলে এক অতিরিক্ত অনুমতিপত্র করাতে হবে।

প্রশাসন নির্বিকার, চুপ সরকার। সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে, মণিপুরের দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ভিডিও। হিংসার এমন ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে কেঁপে উঠেছে গোটা দেশ। ভিডিও ছড়াতেই টনক নড়েছে সরকারের। সবার প্রথমেই ঘটনার তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নড়়েচড়ে বসেছে সুপ্রিম কোর্ট। মণিপুরের পরিস্থিতি নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার কী পদক্ষেপ করেছে, তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। ঘটনায় কেন্দ্র ও মণিপুর সরকারের রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। অবিলম্বে মণিপুরের ওই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে টুইটার কর্তৃপক্ষকে। কিন্তু ভিডিও সরিয়ে নিলেই কি এই লজ্জার থেকে মুক্তি। নাকি কোনওদিন শান্তি ফিরবে মণিপুরে?

যতদূর জানা যাচ্ছে, ভাইরাল হওয়া ভিডিওটি তোলা হয়েছিল মে মাসের চার তারিখ নাগাদ। ঠিক সে সময়টায় জাতি হিংসার নামে উত্তাল হয়ে উঠেছিল রাজ্যটি। থৌবল জেলার নংপোক সেকমাই থানার কাছে ওই ঘটনাটি ঘটে বলে অভিযোগ। কেউ কেউ আবার দাবি করেছে, আদতে কঙ্গপকপি জেলার ঘটনা এটি। পুলিশের কাছে দায়ের হয়েছিল অভিযোগও। তবে না। কোনও রকম পদক্ষেপ করার কথা ভাবেনি প্রশাসন। কীভাবে খুনের ভয় দেখিয়ে ওই দুই মহিলাকে জনসমক্ষে পোশাক খুলতে বাধ্য করা হয়েছিল, সে কথা পুলিশকে জানিয়েছিলেন নির্যাতিতাদের একজন। গত ১৮ মে ওই জেলারই সাইকুল থানায় দায়ের হয়েছিল জিরো এফআইআর। যাতে পদক্ষেপের ক্ষেত্রে কোনও অসুবিধা না হয়। তার পরেও পুলিশের হাতে থেকেছে শুধু পেনসিল। অবস্থার বদল তো দূরের, আরও বেশি খারাপ হয়েছে মণিপুরের পরিস্থিতি। ইতিমধ্যেই মণিপুর হিংসায় প্রাণ গিয়েছে ১৪২ জনের। জখম বহু। ঘরছাড়া বহু মানুষ। তবে ভিডিও ভাইরাল হতেই রাতারাতি ওই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কাশ্মীর থেকে মণিপুর, ক্ষমতার হাতিয়ার যখন 'ধর্ষণ'

Manipur Violence: কাশ্মীর থেকে দিল্লি, মণিপুর থেকে উত্তরপ্রদেশে, ছবিটা কিন্তু একই। প্রতিটা দাঙ্গা, প্রতিটা সাম্প্রদায়িক অশান্তি শেষে তাই এমন ধর্ষিত, ক্ষতবিক্ষত দেহ ছড়িয়ে ছিটিয়ে থাকে রাস্তাঘাটময়।

কুকি ও মেইতেই, মণিপুরে বসবাসকারী দুই গোষ্ঠীর মধ্যে লড়াই। এই 'তুই না মুই'-এর চক্করে লাটে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা। কিছুদিন আগেই ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে তুঙ্গে পৌঁছয় দুই গোষ্ঠীর লড়াই। প্লাস্টিক পেঁচানো একটি মেয়ের মৃতদেহের ছবিটি ঘিরে ফের হিংসায় জড়িয়ে পড়ে মেইতেই ও কুকিরা। কুকি সম্প্রদায়ের মেয়েদের ঘর থেকে টেনে এনে গণধর্ষণের অভিযোগ ওঠে। ছড়িয়ে পড়ে হিংসা। উত্তাল হয়ে ওঠে মণিপুর। পরে অবশ্য জানা যায়, ছবিটি আদতে মণিপুরেরই নয়। বরং দিল্লির একটি অন্য খুনের ঘটনার মৃতদেহ সেটি।

গত মাস তিনেক ধরে মণিপুরে একই অবস্থা চলছে। অথচ এ নিয়ে কোনও অবস্থান নেয়নি রাজ্য কিংবা কেন্দ্র সরকার। অথচ জনসমক্ষে নগ্ন নারীদের উপর নির্যাতনের ছবি ভাইরাল হতেই নড়েচড়ে উঠল দেশ। এতদিন বাদে সরকারের মনে হল, মণিপুরে যা হচ্ছে, যা হয়ে চলেছে, তা আদৌ কোনও সুস্থ দেশে ঘটতে পারে না। এমনকী স্বতঃপ্রণদিত হয়ে ব্যবস্থা নেওয়ার কথাও এতদিন বাদে বলল সুপ্রিম কোর্ট। একে কী বলা যায়? বিশ্বের সামনে মান যাওয়ার ভয় না অন্য কিছু? এতদিন কি চোখ বুজেছিল সংবিধানের রক্ষকেরা। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এদিন বলেছেন, মহিলাদের যেভাবে হিংসার অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে তা লজ্জার। মণিপুরে যা চলছে, তা সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতা। মণিপুরবাসীর সাংবিধানিত অধিকার যে নিয়ত লঙ্ঘিত হয়ে চলেছে তা নিয়ে পদক্ষেপ করার সময় এসেছে। ওই মামলার পরবর্তী শুনানি ২৮ জুলাই, জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

একই সুর শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর গলাতেও। তিনি বলেছেন, 'মণিপুরে যা ঘটছে, তা যে কোনও সভ্য সমাজের পক্ষে লজ্জাজনক।' জানিয়েছেন, মণিপুরের বোনেদের সঙ্গে যা ঘটেছে, তা ক্ষমার অযোগ্য। এদিকে, এর আগে একাধিক বার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে মণিপুরে শান্তি ফেরানোর দাবিতে। এমনকী হিংসায় নিহতদের যাতে নূন্যতম সম্মানটুকু দেওয়া হয়, সেই দাবি করে অমিত শাহের দ্বারস্থ হয়েছিল ন্যাশনাল ফেডারেশন অব ইন্ডিয়া উওমেনের তরফে। মণিপুরের মর্গ জুড়ে সারি সারি জমে থাকা বেওয়ারিশ লাশ, অথচ তাদের পরিচয় জানার উপায়টুকুও নেই। তাদের যথাযোগ্য অন্ত্যেষ্টির জন্য দাবি করা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ। তবে তিমির কাটেনি।

এতদিনে এ বিষয়ে অবস্থান নেওয়ার কথা ভেবেছেন বিজেপিশাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। জানিয়েছেন, নারী নির্যাতনে অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়া হবে। কেন এতদিন সেই অবস্থান নেননি মুখ্যমন্ত্রী! তার উত্তর অবশ্য অজানা নয়। দলের শীর্ষনেতৃত্ব যতক্ষণ না মাথা নাড়াচ্ছেন, ছোট চারাগাছেরা আর কী-ই বা করতে পারে।

আদৌ কি এর পরেও পরিস্থিতি বদলাবে। শান্তি ফিরবে মণিপুরে। সুপ্রিম কোর্ট কি আদৌ পদক্ষেপ করবে এ বিষয়ে? নাকি সমস্ত বিষয়ের মতোই লোকসভা ভোট, বাদল অধিবেশন আরও নানা রাজনৈতিক কর্মসূচীর ভিড়ে ধামাচাপা পড়ে যাবে ছোট্ট রাজ্য মণিপুর। আর ছাইচাপা আগুন জ্বলতেই থাকবে রাজ্যটিতে। যা যে কোনও দিন একটি ফুলকিতেই ফের হয়ে উঠবে জঙ্গল কে জঙ্গল মুহূর্তে গ্রাস করে ফেলা ভয়ঙ্কর দাবানল। ফের মানুষ হয়ে উঠবে সস্তা... যাকে দিব্যি কেটে ছড়িয়ে দেওয়াই যায় সময় সুযোগ বুঝে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।