হাতকাটা দুঃখরা ফুলহাতা হয় শীতেই, খোসা ছেড়ে আসে কমলালেবু, না হওয়া প্রেমরা...

Winter 2022: শীত কাটাতে সোয়েটার হয়তো ভালো, গান আরও ভাল। পশম প্রেমকে হারাতে পেরেছে আর কবে?

Rahul Arunodoy Banerjee
৩ মিনিট
হাতকাটা দুঃখরা ফুলহাতা হয় শীতেই, খোসা ছেড়ে আসে কমলালেবু, না হওয়া প্রেমরা...

এরকম শীতে দূরের শব্দ বেশি শোনা যায়। কুয়াশায় চোখ কথার খেলাপ করে বলে হয়তো কান পুষিয়ে দেবার চেষ্টা করে। এরকম শীতে রোদের গন্ধ পাওয়া যায় দুপুরের লেপে। সন্ধা থেবড়ে বসে থাকে আমার পিসির উলে। এবার অন্তত একটা সোয়েটার! সকালে আমি উমেদার; রোদের, কখন তার কৃপাদৃষ্টি তেলের অভিমান গলাবে সেই অপেক্ষা স্পর্শ করে বসে থাকি।

রাত্রে নিজেকে কেউকেটা মনে হয়। এদিকে, জেগে পড়ব বলে মার বেশি দুধ দেওয়া কফির স্বাদকে বড় হওয়ার স্বাদ ঠাউরে ঠকি। প্রথমবার না, শেষবার তো নয়ই। নিভে যাওয়া পাড়ায় এল ডোরাডোর মতো জেগে অঠে অশ্রুতপূর্ব প্রতিবেশী স্টেশন, ট্রেন আসা যাওয়ার শব্দে আমি নিজের মনে নিজেই একটা মফসসল হয়ে উঠি ক্রমশ।

আর যার হৃদয় জুড়ে এত অজস্র লেডিস সাইকেল দাঁড় করানো তাকে ক্যালকুলাস বোঝাবে এত ভিটামিন গাজরেরও নেই। কচ্ছপ ধূপের অপারগ গন্ধ সিগারেটে বাসা বেঁধেছে। দেশলাইয়ের সঙ্কেত পাশের ঘরে পৌঁছলে যে ঝক্কি, তার চেয়ে এটুকু অত্যাচার নাক সয়ে নেবে। এসবের মাঝে মায়ের বেশি দুধ দেওয়া কফিতে সর পড়ে, আমি আর পাত্তা দিই না। মার কফির ভুল আমি ধোঁয়া দিয়ে শুধরে দিতে শিখে গেছি তদ্দিনে।

লাউ শোল খেয়ে, মুখে মৌরি দিয়ে বাবা অফিস বেরোচ্ছে। মায়ের অহংকার টবের নাইন ও' ক্লক হয়ে বারান্দায় ফুটে রয়েছে। কারণ মা জানে গলির মুখে গিয়ে বাবা তাকাবে। আর বাবা তাকাত, তাকাতই। সবই এরকম শীতে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাবা বলেছিল, এই দুঃখটা কখনও ভুলবি না

Iraq America War: পানকৌড়ির মতো দেখতে একটা পাখি জলে ঠোঁট ডোবাল, আর উঠল না। World this week হত শুক্রবার রাতে।

পিকনিক তো আসলে শীতেরই সন্তান। যে রোদ না পুড়িয়ে ভাড়াটে দিদার মুখে শোনা মেলার গল্প বলে তার চেয়ে উর্বর আকাশ আর কী হতে পারে পিকনিকের জন্য। আর এরকম পিকনিকেই পুকুরের পাশে ছবি তুলতে গিয়ে সর্বনাশ! পা পিছলে ডুবল সনাতন, থুড়ি তোর সালওয়ার। ভিজে একশা। কোথায় একটু বিব্রত হবে তা না, দশ মিনিটে কোন সিনিয়ার ছেলের লাল বারমুডা জোগাড় করে হিহি চালু! কোনও লজ্জা আছে?

আগুন জ্বালাব ভেবেছিলাম, কিন্তু পিকনিক স্পট অনেক টাকা চাইল। ওগুলো নাকি আমাদের জন্য না, তাই হাঁটুজলে নৌকা নিলাম। সোয়েটার না আনার জন্য নিজেকে মনে মনে অসাংবিধানিক কিছু কথা বলছিলাম হয়তো, তুই টের পেয়েছিলি কি? নাহলে নৌকো বেসামাল করে পাশে বসলি কেন? বললি কেন, “দাঁড়াও তোমার ঠান্ডা আমি কাটাচ্ছি”?

তারপর হাঁটুজলে প্লাবন এল, সেদিন কোন পক্ষ ছিল আজ আর মনে পড়ে না। শুধু টের পাই জ্যোৎস্না ছিল, কারণ তুই গাইছিলি। দু' হাত ছেড়ে। সেদিন টের পেলাম শীত কাটাতে সোয়েটার হয়তো ভালো, গান আরও ভাল। পশম প্রেমকে হারাতে পেরেছে আর কবে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
'ওদিকে তাকালে চোখ খারাপ হয়!' টুকি ও নব্বইয়ের সেই বৈশাখী বিকেল

Kolkata 90's: উদ্বোধনী সংগীত হওয়ার আগেই আকাশ কড়কানোর আওয়াজ পাওয়া গেল।

এটা কিছু বেওয়ারিশ ধুলোর সময়ও বটে, যারা জমা হয় মেলার কাছেপিঠে, যার কিছুটা জিলিপিতে মেশে; কিছুটা নতুন কবিতায়। কিছু ধুলোমাখা কবিতারা আমাদের নতুন কবিতা হয়, যার দায় কবিতার নয়, জিলিপির তো একদমই নয়। তার মন অত প্যাঁচালো নয়। সে নেহাতই জিলিপি, তার গাঁটে গাঁটে মিষ্টি, সে তঞ্চকতা জানে না।

পোষা রোদকে পায়ের কাছে নিয়ে খোসা ছাড়ায় পিসি, কমলালেবুর, কড়াইশুঁটির, না হওয়া প্রেমের। দুঃখগুলো আগের মতো নেই আর, বিনা অনুমতিতে বড় হচ্ছে তারা। আগের মরসুমের হাতকাটা দুঃখরা এখন ফুলহাতা।

ছেলে আর মেয়েদের আলাদা সেন্ট এসব আমরা জানতাম না। এজমালি সেন্টের পিছনে আমরা লাইন দিয়েছি। আমি, দাদা, বাবা। মার মাখা হলে আমরাও! বিয়েবাড়িতে একটু সেন্ট না মাখলে চলে?

এরকম শীতে না জানিয়ে চলে আসেন কাশিমবাজারের জেঠু, গুপ্তিপাড়ার সোনাদাদু। রাতের লেপের গল্পে জমা হয় বাবার ছোটবেলার দুষ্টুমি, সোনাদাদুর গলায় ফরিদপুরের গন্ধ লেগে থাকে। বাবার অফিসে এখন পরপর মিটিং হয়। বাবা প্যাকেট পায়, খায়না। আমি আর দাদা মোচ্ছব করি ফ্রিজের সামনে বসে। এরকম শীতেই প্রথমবার টের পাই, ভালোবাসায় নিউটনের তৃতীয় সূত্র কাজ করে না।

ঠকি।

প্রথমবার নয়, শেষবার তো নয়ই।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ডায়লগ মাথায়! নলিনকাকু স্টেজেই চেঁচিয়ে উঠল, "এই ছুরি ফেরত দে, খেলিস না..."

Winter Theatre Nostalgia: 'সতরঙ্গি রে' টাইপের নাচ যে আসতে চলেছে আমি জানতাম, আমি বাবাকে উইংসে নাচতে দেখেছি সেদিন, রাগে।

সরস্বতীপুজোয় খুঁজি ব্যক্তিগত বনলতা সেনকে, মুখে যার শ্রাবস্তীর কারুকাজ ব্রণ হয়ে ফুটে থাকে...

Saraswati Puja 2023: একটা অনভ্যস্ত পা শাড়ির কুঁচিতে হোঁচট খেতেই ধরে ফেলল অপটু এক সদ্য গোঁফ ওঠা হাত।

জীবন জুড়ে এখন শুধুই অ্যানুয়াল পরীক্ষা, শুধু হারিয়ে গিয়েছে ছুটির হাওয়া

Madhyamik Exam: সবাই মিলে কিছু টাকা চাঁদা দিলে এক সেট প্রশ্নপত্র ম্যানেজ হবে। তখন আমরা এক একজন সাক্ষাৎ টাইটানিকের মডেল, একটা কুটোই যথেষ্ট।

জামা ছিঁড়ে খালি গায়ে রঙ খেলার কাছে হাজার গোলে হেরে যায় তিন আঙুলের আবিরের দোল

Holi 2023: এই কয়েকদিন আগেও দোলের শেষে সবার জামা একসঙ্গে ছিঁড়ে পরপর বেঁধে রাস্তায় উঁচু তারে ঝুলিয়ে খালি গায়ে বাড়ি ফিরতাম!

মোবাইল বেড়েছে, যোগাযোগ কমেছে! মুছে গিয়েছে ফোনবুথের অপেক্ষারা...

PCO Booth Nostalgia: ২০০৯-এ চিরদিনই-র সাফল্যের পর যে শীতঘুমে গেছিলাম সেই সুযোগে মানবসভ্যতা মুছে দিয়েছে আমার পুরনো বন্ধু ফোনবুথকে।