ব্যান্ডেজ জড়িয়ে একটা সময় আবার ঘুমোতে গেল

Year Ender 2023 : তেমন কিছু কি ঘটেছিল এই বছর? হয়তো ১০০ বছর আগে ঘটেছিল। নজরুল ইসলাম 'বিদ্রোহী' কবিতাটি লিখেছিলেন।

Sanjay Mukherjee
৪ মিনিট
ব্যান্ডেজ জড়িয়ে একটা সময় আবার ঘুমোতে গেল

বর্ষাশেষে নবীন চাঁদের মতো স্তনের দিকে তাকিয়ে বাঙালি কবি একদা পয়ার লিখতেন। সেই চাঁদে একটি যন্ত্রযান অবতরণ করার পর আমাদের মনে হয়, আমাদের আর পাঁচিল রইল না। আমরা মহাবিশ্বে, মহাকাশে, মহাকালমাঝে খবরের কাগজ ও সংসদভবন প্রতিষ্টা করতে পারব। তারপর যথারীতি 'অটাম ফেস্টিভাল’, বাঙালির বর্ষশেষ এগিয়ে আসতে থাকে। আমরা ২০২৩ পার হয়ে এলাম। ১৯৮৪ নয়। আসলে খ্রিস্টের মৃত্যুর পর কল্কি এসে দাঁড়াবার পরে এতবার এত বছর ঘুরে গেছে যে আজ গতকাল যদি আগামিকালের মতো হয়, তবে তেমন করে বলার কিছুই থাকে না। এই বছরের দিকে তাকালে আমার মনে হয় যে, ব্যান্ডেজ জড়িয়ে একটা সময় আবার ঘুমোতে গেল। ইতিমধ্যেই ক্রিকেটের ফাইনালে ভারত পরাজিত হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। আর গাজাতে আমরা চোখ হারিয়েছি। আসলে আমরা কী হারিয়েছি বা কী পেয়েছি তা বলার বিশেষ পরিসর নেই। আকাশ থেকে কুসুম বৃষ্টির মতো মৃত শিশুদের জন্য টফি নেমে আসছে। আগুনের সেই রাংতা দেখা আর বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে আকাশছোঁয়া ক্যাচ মিস করার মধ্যে পার্থক্য আমাদের জীবনে বিশেষ কিছু আর নেই। শুধু মাঝে মাঝে পার্টি, বিবৃতি ও রক্তদানের মধ্যে নিজেকে মনে করিয়ে দিতে হয়, একদা আমরাও হয়তো লিখতে চেয়েছিলাম। গান বা নাটক। ছবির দিকে তাকানোর অধিকার আমাদেরও বোধহয় ছিল। এখন হাড়কাটা গলির মতো এই শহরে হাঁটতে গেলে দেখি, বেশ্যার প্রেম বলাবাহুল্য, পসরা। যদিও, আমরা যারা তাঁর কাস্টমার তাদের লজ্জা তা নয়, আমরা একটা গুহায় লুকিয়ে পড়তে চাইছি বছর জুড়ে, আপাতভাবে তা যোনি হতে পারে, খ্যাতি হতে পারে, কিন্তু সবচেয়ে স্পষ্ট কথা স্পষ্টভাবেই বলা ভালো। আমাদের পাপ কারেন্সি নোটের মধ্যে ছাপা আছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাষ্ট্রের বিরুদ্ধে লড়া যিশুর যন্ত্রণাকে এঁকেছিলেন নন্দলাল, যামিনীরা

Jesus in Paintings : সব থেকে মর্মান্তিক চিত্রটি করেছেন নন্দলাল বসু। সেখানে তিনি দেখাচ্ছেন যিশু তাঁর নিজের কাঁধে নিয়ে চলেছেন মৃত্যুদণ্ড ক্রস-কে।

তেমন কিছু কি ঘটেছিল এই বছর? হয়তো ১০০ বছর আগে ঘটেছিল। নজরুল ইসলাম 'বিদ্রোহী' কবিতাটি লিখেছিলেন। এখন ধর্ম ও নাস্তিকতা করমর্দন করে ওই কবিতার স্মরণে সেমিনার থেকে সেমিনারে। আমার আর মনেও পড়ে না, মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পুতুল নাচের ইতিকথা' যে বছর প্রকাশিত হয় কলকাতায়, সেবছরই লন্ডনে আলডাস হাক্সলের 'আইলেস ইন গাজা' উপন্যাসটিও ছাপা হয়। দৈবাৎ, আমাদের বুদ্ধিজীবীরা মুখপুস্তকে গাজার অন্ধত্ব মনে রাখেননি। আমরা কিছুই মনে রাখিনি। যা আমাদের দেখার কথা ছিল না তা আমরা দেখে ফেলেছি এবং অন্ধ হয়ে গেছি ইদিপাসের মতো। একথা আর আমাদের আইপ্যাডে মুদ্রিত নেই। আমাদের স্মৃতি নেই, আমাদের ভবিষ্যতও নেই। আমাদের একজন মন্ত্রী ছিলেন। তিনি একটি অদ্ভুত অসুখে আক্রান্ত হয়েছিলেন যেখানে প্রতিটি চলমান মুহূর্তই স্থির ও বাস্তব কিন্তু মুহূর্তগুলি বিচ্ছিন্ন। ফলে তিনি জীবন্মৃতেরও অধিক এক দশক কাটালেন। আমরা প্রতি বছরই যা কাটাই তাতে সাংবাদিক, মন্ত্রিসভা, বেশ্যা প্রণয়িনী, সকলেই কোলাহল করে। আমাদের কবিতা ও যশ, আমাদের পুরস্কার ও তিরস্কার সবই রাস্তায় ঠোঙা হয়ে উড়ে বেড়ায়। আজ এই তাপদগ্ধ বর্ষা ও বসন্তহীন শহরে কোনও লাভ নেই বলে যে, আমার যেদিন গেছে কেটে চোখের জলে! আমাদের চোখের সামনে সর্বনাশ সমুৎপন্ন, তা মধ্যপ্রদেশে অথবা মধ্যপ্রাচ্যে জেনে পরিত্রাণ নেই অথচ আমরা স্থাণুবৎ, প্রলয়ের অপেক্ষায় আছি। বোধশূন্য মানুষ, অসাড় মানুষ আবার কবে শব্দের থেকে চুম্বন খুঁজে পাবে, কবরের থেকে পুনরুত্থিত হবে তা আমি জানি না। কিন্তু যুদ্ধ আর ক্রিকেট আমাদের দরজায় কড়া নেড়ে গেল। আমরা গহন ঘুমের ঘোরে তা টের পেলাম না। এটুকুই আমার ২০২৩।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এই কেফিয়ের একটি সুতোও যেন গাজার না হয়...

America And War-torn Gaza: দেখলাম ক্যাফেতে আরো অনেকের গলায়-মাথায়-পিঠে জড়ানো অমন কেফিয়ে।সেই কেফিয়ে, যা জড়িয়ে কয়েক হাজার গাজার শিশুদের দাফন করা হয়েছে গত কয়েক সপ্তাহে।

প্রত্যেকেই এক একভাবে শহরে এসেছিল। অপূর্ব কুমার রায় বা ডাক্তার শশী দাস। তারা যথাকালে ফিরে গেছে। আমাদের জন্য যা আছে তা উচ্ছিষ্ট প্রাদেশিকতা। একদা রামমোহন রায় খোঁড়া পায়ে ব্রিস্টল বন্দরে উপনীত একটি ফরাসি জাহাজকে অভিবাদন জানাতে গিয়েছিলেন সাম্য মৈত্রী ও স্বাধীনতার স্মারক বলেই। তাঁর উত্তরসূরিরা ওটিটি সিরিজ দেখে ও পরকীয়া বিষয়ে স্নাতকোত্তর গবেষণা করে। কলকাতা থেকে যে ট্রাম উঠে যাচ্ছে সেই লাইনে জীবনানন্দ দাশের রক্তের দাগ নিয়ে আর বাঙালি চিন্তিত নয়, তার যাবতীয় গবেষণা নিযুক্ত হয়েছে শোভনা নাম্নী এক রমণীর প্রতি। এই পারিবারিক কেচ্ছায় একদিন প্রতিদিন তার রোমে রোমে হর্ষ উৎপাদিত হচ্ছে। রবীন্দ্রনাথের খ্যাতি মূলত ভ্রাতৃজায়ার সঙ্গে রমণের জন্য, একথা বাঙালি বুঝে গেছে। আর বাঙালি এও বোঝে যে তার পক্ষে ইউটিউবে খাবার রেসিপি ও কিছু মুচমুচে রসিকতা ছাড়া কিছুই অবশিষ্ট নেই। সে জানে সে রামকিঙ্কর নয়, তাই তাকে মিম বানাতে হয়। এই যে সীমানা জানা বাঙালি, যার চতুর্থ সীমানা নেই সে তো আমিও। যে জিজ্ঞাসাচিহ্নে ধুলো পড়ে যাচ্ছে সেই ধুলোতে আমিও চাপা পড়ে আছি। আজ আর কেউ পত্রালাপ করে না অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে। যেসব ইমেল যায় ও আসে তাতে ভোরের আলোয় সত্যের মুখ আর দেখা যায় না। সমস্ত জীবনকে এক খঞ্জ বাসাবাড়ি মনে হয় যেখানে একদা অনেক ফুল্লকুসুম ও দীপমালা ছিল। আজ যার মুখে সুরভিত কঙ্কালের হাসি। এই অন্ত্যেষ্টি আর সম্ভোগ যখন এক হয়ে গেছে, ঈশ্বর পরিত্যক্ত এই জনপদে যখন কিছুই অননুমোদিত নয় তখন অবিরত ব্যোমকেশ, কিরিটি রায় ও ফেলুদার প্রজনন ছাড়া আমাদের কীই বা করণীয় আছে? আমাদের ঈশ্বর নেই, মার্ক্স নেই, ভোটাধিকার আছে। আমরা চলমান অশরীরী। তোপধ্বনির মধ্য দিয়ে মৃত্যু থেকে আরও গভীরতর মৃত্যুর দিকে চলে যাব।

লিখেছেন
Sanjay Mukherjee
Sanjay Mukherjee
1 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।