বাড়ি ভাঙা সত্যিই বাম-আমলের দায়? কীভাবে কলোনি গড়ে উঠেছিল কলকাতায়?

Baghajatin Colony: ১৯৫০-এর পর কলোনি গড়ে উঠতে শুরু করে কলকাতা শহরতলিতে। পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুরা এপার বাংলায় এসে প্রথমে নিজের নিজের মতো করে জায়গা বেছে জবরদখল করে বসবাস শুরু করেন।

Sangita Ghorai
৫ মিনিট
বাড়ি ভাঙা সত্যিই বাম-আমলের দায়? কীভাবে কলোনি গড়ে উঠেছিল কলকাতায়?

কলকাতায় রোজই কত শত ইতিহাসের জন্ম হয়। সময়ে-অসময়ে সব বদলে গেলেও ইতিহাস ঠিকই থেকে যায়। তাই আজও প্রাসঙ্গিক থেকে যায় কলকাতা শহর গড়ে ওঠার গল্প, কলকাতার শহরতলিতে কলোনি এলাকা গড়ে ওঠার কাহিনি। গত ১৪ জানুয়ারি বাঘাযতীনে চারতলা ফ্ল্যাটবাড়ি ভেঙে পড়ার পর থেকেই কলোনি এলাকা আলোচনার বিষয়। কারণ ঘটনার পরদিনই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘বাম আমলের পাপ বহন করছি আমরা। সেই সময়ে কলকাতার কলোনি এলাকায় কোনও বাড়ির প্ল্যানিং থাকত না। বেআইনিভাবে সব বাড়ি তৈরি করা হতো।” ৯৯ ওয়ার্ডের কাউন্সিলরও জানান, বাম আমলে পুকুর ও জলাজমি ভরাট করে একের পর এক বাড়ি তৈরি হয়েছে।

সত্যিই কি তাই? কীভাবে গড়ে উঠেছিল কলকাতা শহরতলিতে কলোনি এলাকাগুলি। বাম আমলেই কি এর শুরু? কলোনি গড়ে ওঠার ইতিহাস আরও পুরোনো। বামফ্রন্ট ক্ষমতায় আসার অনেক আগের। ১৯৪৭-এ দেশভাগের পর নিপীড়িত ও অত্যাচারিত হয়ে পূর্ব পাকিস্তান থেকে যারা পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন, মূলত সেই সমস্ত উদ্বাস্তুরাই সরকারি বা ফাঁকা পড়ে থাকা ব্যক্তিগত মালিকানার জমি জবরদখল করে গড়ে তুলেছিলেন একের পর এক কলোনি। রেল লাইনের ধারেও গড়ে ওঠে বস্তি।

প্রথম উদ্বাস্তু কলোনি তৈরি ১৯৪৮ সালে। কলকাতার দক্ষিণে যাদবপুরের বিজয়গড়ে একটি পরিত্যক্ত মিলিটারি ব্যারাকে এটি তৈরি হয়। ১৯৫০ সালের শেষ নাগাদ শহরে এবং আশেপাশে ১৪৯টি কলোনি ছিল। পরবর্তী ২০ বছরে পশ্চিমবঙ্গে আরও ১৭৫টি কলোনি তৈরি হয়।

১৯৫১ সালের আদমশুমারির তথ্য অনুসারে, পূর্ব পাকিস্তান থেকে কলকাতায় ৪,৩৩,০০০ বাঙালি হিন্দু উদ্বাস্তু এসেছিলেন এবং তাঁদের সংখ্যা বছরের পর বছর বাড়তে থাকে। প্রথমদিকে আসা উদ্বাস্তুরা বেশিরভাগই ছিলেন মধ্যবিত্ত। তাঁরা ছিলেন শিক্ষিত এবং কলকাতা শহরে তাদের যোগাযোগ ছিল। তবে ১৯৫০ সালের পর প্রচুর সংখ্যায় দরিদ্র শ্রেণির উদ্বাস্তুরা আসতে শুরু করেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোটি টাকার ফ্ল্যাট, রাস্তায় ভর্তি বেকার! কলোনির জীবন যেমন

কলোনির উপকণ্ঠে, এক কোটি টাকার ফ্ল্যাটের একেবারে বিপরীতে, এনএন দত্ত রোডের এই প্রান্তে, রাস্তায় এক চর্মসার বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, তাঁর পিঠে চড়া রোদ্দুর পড়েছে গাছের পাতার ফাঁকা দিয়ে।

সম্প্রতি ভেঙে পড়া বাড়িটি কলকাতা পৌরসভার ৯৯ ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে অবস্থিত। ওই বাড়ির বর্তমান মালিক অভিষেক সরকারের সঙ্গে কথোপকথনে জানতে পারি, জলাজমি ভরাট করে নয়, পাকাবাড়ি প্রোমোটিং করানো হয়েছিল। তবে, তার আগে জলাজমি থাকতে পারে। সেটা তিনি দেখেননি। অভিষেক সরকারের জন্ম ১৯৮৪ সালে। তাঁর পূর্বপুরুষরা এসেছিলেন পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশ থেকে। সেইসময় কলকাতা শহরতলিতে যে যেমন পেরেছিলেন বেড়ার বাড়ি বা কুঁড়েঘর করে কোনওরকম মাথা গোঁজার ঠাঁই তৈরি করেছিলেন। যদিও তাঁরা প্রথমে গড়িয়াতে ছিলেন, পরে বাঘাযতীনে আসেন বলে জানা গেছে।

বিদ্যাসাগর কলোনিতে কবে থেকে প্রোমোটিং শুরু হলো? তার আগে জানতে হবে বিদ্যাসাগর কলোনি কীভাবে গড়ে উঠল? বিদ্যাসাগর কলোনির কিছু বাসিন্দার সঙ্গে কথা বলে কলোনি গড়ে ওঠার ইতিহাস জানার চেষ্টা করি। বাসিন্দারা বলেন, “১৯৫০-এর পর কলোনি গড়ে উঠতে শুরু করে কলকাতা শহরতলিতে। পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুরা এপার বাংলায় এসে প্রথমে নিজের নিজের মতো করে জায়গা বেছে জবরদখল করে বসবাস শুরু করেন। তারপর ৭৭ সালে বামফ্রন্ট ক্ষমতায় আসার পর পাট্টা দেওয়া হয়। ৯৯ বছরের জন্য জমি লিজ দেওয়া হয়। দলিলপত্রও বানিয়ে দেওয়া হয়। তবে শর্ত হলো, জমি ব্যবহার করতে পারবে কিন্তু বিক্রি করতে পারবে না।”

কলোনিতে ঘুরতে ঘুরতে এক বৃদ্ধের সঙ্গে দেখা। নাম ঢলু মজুমদার। বয়স ৮৭ বছর। ১৯৩৮ সালে জন্ম বাংলাদেশের ফরিদপুরে। ১৯৫০ সালে এপার বাংলায় চলে আসেন, দেশভাগের পর। প্রথমে কালীঘাটে ৫৪ নং রাসবিহারী রোডে গুরুদ্বারার বিপরীতে থাকতেন। তখন ১০-১২ টাকা বাড়ি ভাড়া। পরে ভবানীপুর, চেতলা, পোদ্দার নগর, যাদবপুর বিভিন্ন জায়গায় থেকেছেন অর্থাৎ বাড়ি পরিবর্তন করতে হয়েছে নানা কারণে। তবে জীবনের বেশি সময়, সংসার থেকে সন্তানপালন সবটাই টালিগঞ্জের চারু মার্কেটে (৫০ বছর থেকেছেন)। এখন বার্ধক্যের কারণে মেয়ের কাছে থাকছেন বিদ্যাসাগর কলোনিতে। তিনিই জানালেন, প্রথমে উদ্বাস্তুরা এসে শহরতলির এইসব জলাজমি এলাকা দখল করলেও পরে এপার বাংলারই বিভিন্ন গ্রাম্য এলাকা থেকে মানুষ এসে এইসব জমি দখল করতে থাকেন নিজের আত্মীয়দের থেকে খবর পেয়ে। কারণ দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত গ্রামের থেকে শহরের কাছে এইসব জলাজমি বিনামূল্যে পেয়ে যাওয়া মানে হাতে একপ্রকার চাঁদ পাওয়া।

তপন দাসের জন্ম এপার বাংলায়। বিদ্যাসাগর কলোনির বাসিন্দা। চুলে পাক ধরতে শুরু করেছে সবে। স্মৃতিচারণ করে বললেন, "বাবারা এসেছিল পূর্ববঙ্গ থেকে। এপার বাংলায় স্থায়ী থাকার জায়গা হচ্ছিল না। সেই সময় কংগ্রেস আমলে পুলিশ বারবার এসে তুলে দিত।" সবই বাবার কাছে শোনা কথা তাঁর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রায় ৭০ বছর পরিচয়হীন! কলকাতার বুকে একখণ্ড বার্মা কলোনিতে যেভাবে বাঁচেন উদ্বাস্তুরা

Burmese Colony Basirhat: বর্মায় ভারতীয়দের বসবাস দু’হাজার বছরেরও আগে থেকে৷ ব্রিটিশ আমলে বর্মায় বাঙালিদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি৷

সত্তরোর্ধ্ব তমাল সেন, বুকে পেসমেকার বসানো। নিজের থেকেই বললেন, তাঁর স্মৃতি এখন ঝাপসা। যতদূর মনে পড়ে তাঁর, ১৯৫২ সালে এসেছেন এপার বাংলায়। বেড়ার বাড়ি বানিয়ে কোনওরকম মাথা গোঁজার ঠাঁই বানানো হয়েছিল। বিদ্যাসাগর কলোনির তখন কোথাও অংশ উঁচু, কোথাও জলাজমি। কিছু কিছু জমিতে চাষ হতো আবার কোথাও কোথাও জঙ্গল। রাস্তা ছিল না কোনও। জল পেরিয়ে স্কুল-কলেজে গিয়েছেন। বৃষ্টি হলেই হাঁটু জল জমে যেত।

কলোনিগুলি গড়ে উঠেছিল মূলত দেশভাগের ফলে পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুদের জমি জবরদখলের মাধ্যমে। এমনটাই জানান প্রিয়গোপাল গোস্বামী। বয়স ৬৪ বছর। জন্ম এখানেই। বাবার নাম পবিত্র গোপাল গোস্বামী। ৪৭-এর দেশভাগের পর তাঁর বাবারা এসেছিলেন পশ্চিমবঙ্গে। জবরদখলে যাঁরা নেতৃত্ব দিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম একজন ছিলেন পবিত্র গোপাল গোস্বামী। যে কারণে পুলিশের হাতে অ্যারেস্টও হয়েছিলেন। বাবা পালিয়ে বেড়াতেন, জানান প্রিয়গোপাল গোস্বামী।

বিদ্যাসাগর কলোনিতে ২৬ বছর বাস করছেন তপতী দাস। বয়স এখন ৫০ বছর। শ্বশুরমশাই একতলা পাকাবাড়ি বানিয়েছিলেন। তার উপরে আর একতলা বানিয়েছেন তাঁরা। প্রোমোটিং করানোর অফার এলেও তা প্রত্যাখ্যান করেছেন বলে জানান। কলোনি এলাকায় প্রোমোটিংয়ের শুরু কবে? তপতী দাসের কথায়, ১৯৯৮ সালের দিক থেকে প্রোমোটিং শুরু টালিগঞ্জ, বালিগঞ্জ এলাকায়। তখন ছেলেকে টিউশন পড়াতে নিয়ে যাওয়ার সময় দেখতেন উঁচু বহুতল উঠছে। তখন যদিও এত রমরমা ছিল না। ২০১০ সালের পর থেকেই প্রোমোটিং বেশি বাড়তে থাকে।

বিদ্যাসাগর কলোনিতে প্রোমোটিং শুরু ২০ বছর আগে। বেড়েছে ২০১০ সালের পর। দশটার মধ্যে ৪টি ফ্ল্যাটবাড়ি। যদিও এই ঘটনা সারা কলকাতা জুড়ে। অনেকটা হতাশার সুরেই বললেন বছর ৫৩-র অপুকুমার দাস। বাসিন্দাদের অনেকেরই দাবি, এখন আইন মেনে ফ্ল্যাট তৈরি হচ্ছে না।

বিদ্যাসাগর কলোনির আর এক বাসিন্দা দেবাশীষ সরকার। বয়স ৫৪ বছর। তাঁর পূর্বপুরুষরা দেশভাগের আগেই এসেছিলেন। দেবাশীষের বাবার নাম উপেন সরকার। ওয়েস্ট বেঙ্গল গর্ভমেন্ট প্রেসে চাকরি করতেন। আগে যার নাম ছিল ব্রিটিশ প্রেস। ৩৩ বছর চাকরি করেছেন। প্রথমে চেতলাতে থাকতেন। আদি বাড়ি ছিল বাংলাদেশের ময়মনসিংহে। ১৯৪৬ সালে চাকরির জন্য এসেছিলেন। বাবার কাছে দেবাশীষ শুনেছেন কীভাবে গড়ে উঠেছিল কলোনি এলাকাগুলি। তাঁর কথায়, “তখন বিদ্যাসাগর কলোনি জলাজমি ছাড়া কিছুই না। কিছু ছিল চাষাবাদের জমি। শন গাছ তুলে দিলেও আবার গজিয়ে যেত। ৭৭-এর পর যখন বামফ্রন্ট এল, আমরা তখন দেখেছি মন্ত্রী প্রশান্ত শূর আসতেন। তাঁকে হ্যাজাক দিয়ে রাস্তা দেখানো হয়েছে।” ইলেকট্রিক থেকে রাস্তা-ঘাট সবই বাম আমলে তৈরি বলে জানান তিনি।

এছাড়া কলোনি পরিচালনা করতে ভোটাভুটির মাধ্যমে তৈরি হতো কমিটি। মোটামুটি ওই ৫৫ সালের পর থেকে এর শুরু। আসলে কে কোন জমিটা নেবে এই নিয়ে নিজেদের মধ্যেই ঝামেলা শুরু হতে থাকে তখন। ফলে কলোনি পরিচালনার জন্য কমিটি তৈরি করা হয়। শেষবার ভোট হয়েছিল ২০১৩ সালে। মূলত কমিটিতে আগে বামেদের লোকজনই থাকতেন বলে জানান দেবাশীষ সরকার। কিন্তু শেষ ভোটে বামেরা শূন্য হয়ে যায়। তৃণমূল ভোট লুট করে জিতেছে বলে দাবি তাঁর। আর তারপর থেকে কলোনির ভোটই বন্ধ হয়ে গেছে।

কলোনি এলাকায় এক-দুইতলা বাড়ি ভেঙে ক্রমেই আকাশ ফুঁড়ে উঠছে ফ্ল্যাটবাড়ি। নিয়ম মেনে হচ্ছে তো? ব্যবসায়ীর মুনাফা, রাজনৈতিক চাপ, কাটমানির চক্করে নিরীহ মানুষদের জীবন, মধ্যবিত্তের মাথার উপর পাকা ছাদের স্বপ্ন নিয়ে খেলা হচ্ছে না তো? প্রশ্ন উঠেছে কারণ ৯৯ নম্বর ওয়ার্ডে ভেঙে পড়া ফ্ল্যাটবাড়ি বাম আমলে তৈরি বলে দায় সেরে ফেলতে চাইলেন মেয়র।

লিখেছেন
Sangita Ghorai
Sangita Ghorai
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।